২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাই লামা বিরোধী অবস্থানে অনঢ় চীন

তিব্বতের আধ্যাত্মি নেতা দালাই লামার কর্মকাণ্ডকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে মঙ্গলবার নতুন করে তার বিরুদ্ধে নিজ অবস্থান তুলে ধরেছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 12:40 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

বেইজিং, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বতের আধ্যাত্মি নেতা দালাই লামার কর্মকাণ্ডকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে মঙ্গলবার নতুন করে তার বিরুদ্ধে নিজ অবস্থান তুলে ধরেছে চীন। ভারতের ধর্মশালায় নির্বাসিত তিব্বতিদের গত সপ্তাহের বৈঠকের পর প্রথম প্রতিক্রিয়ায় চীন দালাই লামার বিরুদ্ধে তাদের এ অনঢ় অবস্থান জানাল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিন গং মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, "চীন তার অবস্থানে অনঢ় এবং সেটি পরিস্কার। চীনকে বিচ্ছিন্ন করতে দালাই লামা বিদেশে বসে যে কর্মকাণ্ড চালাচ্ছেন আমরা তার বিরোধিতা করি। পাশাপাশি তার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী যে কোনো বিদেশি নেতারও বিরোধিতা করি।" গত সপ্তাহের বৈঠকে তিব্বতের নির্বাসিত নেতারা স্বাধীনতার দাবি না তুলে আলাপ আলোচনার ভিত্তিতে তিব্বতের বৃহত্তর স্বায়ত্তশান আদায়ে দালাই লামার মধ্যপন্থার চীনা নীতিই সমর্থন করে। নির্বাসিত তিব্বতিদের ওই বৈঠকের কথা উল্লেখ করে কিন বলেন, "এ ইস্যু নিয়ে আমরা অতীতেও অনেকবার কথা বলেছি।" এ ব্যাপারে কিন বিস্তারিত কিছু বলেননি। স্বায়ত্তশাসন দাবির আড়ালে দালাই লামা তিব্বতকে স্বাধীন করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে চীন বরাবর স্বায়ত্তশাসনের দাবি প্রত্যাখ্যান করে এসেছে। তিব্বতে ১৯৫০ সালে অভিযান চালায় চীনা বাহিনী। আর চীনা শাসনের বিরুদ্ধে একটি ব্যর্থ আন্দোলনের পর ১৯৫৯ সালে পার্বত্য এলাকায় পালিয়ে যান দালাই লামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮২২ ঘ.