২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি ট্যাংকার ছিনতাইকারীদের খুঁজছে সোমালি ইসলামি দল

সৌদি আরবের বিশালাকৃতির তেল ট্যাংকার 'স্টার সাইরয়ুস' ছিনতাইকারী জলদস্যুদের খুঁজতে শুক্রবার একটি বন্দরে অভিযান চালায় সোমালিয়ায় ইসলামি শাসন প্রতিষ্ঠা আন্দোলনের দল আল-শাবাবের সদস্যরা। এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 07:55 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

মোগাদিসু, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)-- সৌদি আরবের বিশালাকৃতির তেল ট্যাংকার 'স্টার সাইরয়ুস' ছিনতাইকারী জলদস্যুদের খুঁজতে শুক্রবার একটি বন্দরে অভিযান চালায় সোমালিয়ায় ইসলামি শাসন প্রতিষ্ঠা আন্দোলনের দল আল-শাবাবের সদস্যরা। এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে। ইসলামি দলটির মুখপাত্র শেখ আব্দিরাহিম ইসে রয়টার্সকে বলেন, "সৌদি আরব একটি ইসলামি দেশ এবং অন্য দেশের জাহাজ ছিনতাইয়ের চেয়ে এই দেশের জাহাজ ছিনতাই করা বড় অপরাধ।" তিনি আরও বলেন, হারাধিরি বন্দর আমাদের নিয়ন্ত্রণে আছে এবং জাহাজ উদ্ধারের জন্য আমাদের কিছু একটা করতে হবে।" হর্ন অফ আফ্রিকার দেশটির দস্যুরা শনিবার ২৫ জন ক্রুসহ ১০০ মিলিয়ন ডলারের তেল ভর্তি সৌদি ট্যাংকারটি ছিনতাই করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়। এটাই সবচেয়ে বড় জাহাজ ছিনতাইয়ের ঘটনা। ধারণা করা হচ্ছে জাহাজটি হারাধিরিতে নোঙর করা হয়েছে। সোমালিয়ার এই ইসলামি দলটি ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য প্রায় দুই বছর ধরে সরকারের সঙ্গে লড়াই চালিয়ে আসছে এবং প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে গেরিলা হামলা চালানো হচ্ছে। রাজধানী মোগাদিসু থেকে ৯ মাইল দূরের একটি শহরসহ দেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশই নিয়ন্ত্রণে নিয়েছে দলটি। সৌদি জাহাজ সাইরয়ুসের খোঁজে হারাধিরিতে ইসলামি দলটির সদস্যদের অভিযানের কথা নিশ্চিত করেছেন বন্দরটির একজন কর্মী। নাম প্রকাশ না করার শর্তে ওই প্রৌঢ় বলেন, "জলদস্যু এবং জাহাজটির খোঁজে ইসলামি দলের সদস্যরা এখানে এসেছিল।" তিনি আরও বলেন, "আমি চার গাড়ি ভর্তি লোক আসতে দেখেছি। তারা বলেছে, মুসলিম দেশের জাহাজ ছিনতাইয়ের জন্য তারা দস্যুদের ওপর হামলা করবে।" সোমালিয়ার আল-শাবাব নামের এই সংগঠনটি ওয়াশিংটনের সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে এবং এদের সঙ্গে আল কায়েদার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩৩৯ ঘ.