২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও তিনবছর মার্কিন সেনাদের বৈধতা দিল ইরাকি মন্ত্রিসভা

মার্কিন সেনাদের আরও তিন বছর ইরাকে অবস্থানের বৈধতা দিল ইরাকের মন্ত্রিসভা। দীর্ঘ আলোচনা শেষে রোববার মন্ত্রিসভায় এ সম্পর্কিত চুক্তি অনুমোদন পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 11:28 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

বাগদাদ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন সেনাদের আরও তিন বছর ইরাকে অবস্থানের বৈধতা দিল ইরাকের মন্ত্রিসভা। দীর্ঘ আলোচনা শেষে রোববার মন্ত্রিসভায় এ সম্পর্কিত চুক্তি অনুমোদন পেয়েছে। ইরাক সরকারের মুখপাত্র আলী আল দাব্বাহ বলেন, "আরও তিন বছর মার্কিন সেনা উপস্থিতির বৈধতা দিতে ইরাক ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে যে চুক্তি হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু সংশোধনের পর মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেছে।" ইরাকি পররাষ্ট্রমন্ত্রী হোসেয়ার জেবারি রয়টার্সকে জানান, চুক্তি কার্যকর করার সর্বশেষ পদক্ষেপ হিসেবে নভেম্বরের মধ্যে সরকার পার্লামেন্টে চুক্তিটি পাস করিয়ে নিতে পারবে বলে আশা করছে। চুক্তি অনুযায়ী, আগামী বছরের মাঝামাঝি নাগাদ ইরাকি শহর ও গ্রাম থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হবে এবং ২০১১ সালের মধ্যে তারা চূড়ান্তভাবে ইরাকে ছেড়ে চলে যাবে। জেবারি বলেন, "এ চুক্তিতে কিছু আপোসরফা আছে যাতে ইরাকি পক্ষ সন্তুষ্ট। আমরা এখন আত্মপক্ষ সমর্থন করার মতো একটি চুক্তি পেলাম। চুক্তিটি প্রকাশ করে সবার কাছে বিতরণ করা হবে। আমাদের প্রতিবেশী দেশগুলোকেও এর কপি দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭১১ ঘ.