২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বালি বোমারুদের মৃত্যুদণ্ড কার্যকরের পর ইন্দোনেশিয়ায় উত্তেজনা

তিন বালি বোমারুর মৃত্যুদণ্ড কার্যকরের পর রোববার ইন্দোনেশিয়ায় টানটান উত্তেজনার মধ্যে তাদের সমাহিত করা হয়েছে। কড়া নিরাপত্তা বলয় উপেক্ষা করে বোমারুদের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সমবেত হয় তাদের সমর্থক কট্টরপন্থি মুসলিমসহ শত শত স্থানীয় মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 07:38 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

তেঙ্গুলুন, ইন্দোনেশিয়া, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তিন বালি বোমারুর মৃত্যুদণ্ড কার্যকরের পর রোববার ইন্দোনেশিয়ায় টানটান উত্তেজনার মধ্যে তাদের সমাহিত করা হয়েছে। কড়া নিরাপত্তা বলয় উপেক্ষা করে বোমারুদের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সমবেত হয় তাদের সমর্থক কট্টরপন্থি মুসলিমসহ শত শত স্থানীয় মানুষ। উত্তেজিত সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে। এর আগে, ইন্দোনেশিয়ার বালি দ্বীপের বোমা হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আত্মস্বীকৃত তিন বোমারুর দণ্ডাদেশ রোববার ফায়ারিং স্কোয়াডে কার্যকর করা হয়। এ বিষয়ে এটর্নি-জেনারেলের কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, জঙ্গি সংগঠন জেমাহ ইসলামিয়ার ইমাম সমুদ্র (৩৮), মুখলাস (৪৮) ও আমরোজির (৪৬) দণ্ডাদেশ স্থানীয় সময় রোববার মধ্যরাতের পরপরই জাভার নুসাকামবানগান দ্বীপের ফায়ারিং স্কোয়াডে কার্যকর করা হয়। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ওই তিন বোমারুর লাশ জাভার নুসাকামবানগান দ্বীপের উচ্চ নিরাপত্তা কারাগার থেকে হেলিকপ্টারে করে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ইমাম সমুদ্রের লাশ নিয়ে যাওয়া হয় পশ্চিম জাভার সেরাংয়ে তার গ্রামের বাড়িতে। আর দুই ভাই মুখলাস ও আমরোজির লাশ নিয়ে যাওয়া হয় পূর্ব জাভার লামোনগানে নিজ বাড়িতে। সেখানে শোকসন্তপ্ত পরিবেশে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবরা তাদের সমাহিত করে। প্রসঙ্গত, ২০০২ সালের ১২ অক্টোবর ইন্দোনেশিয়ার আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন অবকাশ কেন্দ্র বালি দ্বীপের প্যাডি'স বার ও সারি ক্লাবের পরপর দুটি বোমা হামলায় ৮৮ জন অস্ট্রেলীয় এবং ৩৮ জন ইন্দোনেশীয়সহ ২০২ জনের প্রাণহানি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমডি/এএমটি/১৩৩০ ঘ.