২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভের মধ্যে চীনা দূতের সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের বৈঠক

ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার চীনা দূতের সঙ্গে বৈঠক করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইয়ুং-জিও। চীনা গৃহযুদ্ধের পর দুপক্ষে সর্বোচ্চ পর্যায়ের অন্যতম বৈঠক এটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 09:13 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

তাইপেই, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার চীনা দূতের সঙ্গে বৈঠক করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইয়ুং-জিও। চীনা গৃহযুদ্ধের পর দুপক্ষে সর্বোচ্চ পর্যায়ের অন্যতম বৈঠক এটি। চীনা দূতের সঙ্গে প্রেসিডেন্টের বৈঠকের প্রতিবাদে প্রেসিডেন্টে অফিসের সামনে অন্তত ১০,০০০ বিক্ষোভকারী প্রতিবাদ সমাবেশ করে। 'তাইওয়ান আমার দেশ' লেখা টি-শার্ট পরিহিত এসব বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় এবং এতে বেশ কয়েকজন আহত হয়। চীন-তাইওয়ান এ আলোচনার বিরোধী এই বিক্ষোভকারীরা চীনের তাইওয়ান বিষয়ক শীর্ষ আলোচক চেন ইয়ুনলিন-কে তাইওয়ান থেকে বিদায় হওয়ার এবং প্রেসিডেন্ট মা-কে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানায়। ওদিকে, নিজের অফিসে চীনের বিশেষ দূত চেন ইয়ুনলিন এর সঙ্গে করমর্দন করে তার সঙ্গে উপহার বিনিময় করেন প্রেসিডেন্ট মা-ইয়ুনলিন। এসময় চীনা দূতের সফরসঙ্গীসহ উর্ধ্বতন তাইওয়ানি কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। চীনা দূত এর আগে মঙ্গলবার তাইওয়ান ও চীনের মধ্যে প্রতিদিন সরাসরি বিমান চলাচল, মালামাল পরিবহন রুট এবং খাদ্য নিরাপত্তা নিয়ে চুক্তি করেন । চীনের তাইওয়ান বিষয়ক উচ্চপর্যায়ের আলোচক চেন ইয়ুনলিন সোমবার স্বশাসিত দ্বীপ তাইওয়ানে যান বাণিজ্য ও ট্রানজিট নিয়ে আলোচনার জন্য। গত ৬০ বছরের মধ্যে এটাই এতো উচ্চপর্যায়ের কোনো চীনা কর্মকর্তার প্রথম তাইপে সফর। তাইওয়ানের প্রধান বিরোধী দল 'ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)'র বিরোধিতা স্বত্ত্বেও বেইজেংয়ের সঙ্গে এ চুক্তি করল তাইপে। চীনা আলোচক চেন ইয়ুলিন এবং তাইওয়ানের পিকে চিয়াং মোট ১৩টি চুক্তি স্বাক্ষর করেছেন। চেন জানান, বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যে তাইওয়ানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যেই তার এই সফর। চীনে মাও সে তুঙের নেতৃত্বে ১৯৪৯ কমিউনিস্ট বিপ্লব হলে শাসক চিয়াং কাই শেক তাইওয়ানে পালিয়ে যান। চীন তখন থেকে দ্বীপটিকে মূল ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। চুক্তির আওতায় প্রতি সপ্তাহে চীন থেকে মোট ১০৮টি ফ্লাইট তাইওয়ানে যাবে। যা আগের সংখ্যার তিনগুণ। চুক্তিতে ব্যক্তি মালিকানাধীন কম্পানির বিমান চলাচলেরও অনুমতি আছে। নতুন চুক্তির আওতায় প্রতি মাসে মালামাল পরিবহন বিমানের সরাসরি ৬০টি ফ্লাইট চালু থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪৫১ ঘ.