তাইপে, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তাইওয়ান ও চীনের মধ্যে প্রতিদিন সরাসরি বিমান চলাচল, মালামাল পরিবহন রুট এবং খাদ্য নিরাপত্তা নিয়ে মঙ্গলবার চুক্তি হয়েছে।
চীনের তাইওয়ান বিষয়ক উচ্চপর্যায়ের আলোচক চেন ইয়ুনলিন সোমবার স্বশাসিত দ্বীপ তাইওয়ানে যান বাণিজ্য ও ট্রানজিট নিয়ে আলোচনার জন্য। গত ৬০ বছরের মধ্যে উচ্চপর্যায়ের কোনো চীনা কর্মকর্তার এটাই প্রথম তাইপে সফর।
তাইওয়ানের প্রধান বিরোধী দল 'ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি)'র বিরোধিতা স্বত্ত্বেও বেইজেংয়ের সঙ্গে এ চুক্তি করল তাইপে। চীনা আলোচক চেন ইয়ুলিন এবং তাইওয়ানের পিকে চিয়াং মোট ১৩টি চুক্তি স্বাক্ষর করেছেন।
চেন জানান, বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যে তাইওয়ানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যেই তার এই সফর।
চীনে মাও সে তুঙের নেতৃত্বে ১৯৪৯ কমিউনিস্ট বিপ্লব হলে শাসক চিয়াং কাই শেক তাইওয়ানে পালিয়ে যান। চীনার তখন থেকে দ্বীপটিকে মূল ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে।
চুক্তির আওতায় প্রতি সপ্তাহে চীন থেকে মোট ১০৮টি ফ্লাইট তাইওয়ানে যাবে। যা আগের সংখ্যার তিনগুণ। চুক্তিতে ব্যক্তি মালিকানাধীন কম্পানির বিমান চলাচলেরও অনুমতি আছে।
এছাড়াও তাইওয়ান ও চীনের মধ্যে সরাসরি মালামাল পরিবহন বিমান চলাচল নিয়েও চুক্তি হয়েছে। এর আগে সার্বভৌমত্ব এবং ক্রুদের জাতীয়তা এবং বিমানে বহন করা পতাকার কারণে চীন-তাইওয়ান সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল এবং বিমানগুলোকে তৃতীয় কোনো দেশে মালামাল খালাস করতে হতো।
নতুন চুক্তির আওতায় প্রতি মাসে মালামাল পরিবহন বিমানের সরাসরি ৬০টি ফ্লাইট চালু থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫২ ঘ.
bdnews24