ওয়াশিংটন, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - বহু বছরের, বহু প্রজন্মের মধ্যে সবচেয়ে শ্বাসরুদ্ধকর, সবচেয়ে ব্যয়বহুল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাহেন্দ্রক্ষণ উপস্থিত প্রায়। মাত্র কয়েক ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্রের ৫৬তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হচ্ছে। ডেমোক্র্যাটিক পার্টির বারাক ওবামা (৪৭) কিংবা রিপাবলিকান পার্টির জন ম্যাককেইন (৭২) যেই দেশটির ৪৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হোক না কেন ইতিমধ্যেই তারা এই মহাযজ্ঞের অংশ হিসেবে ইতিহাস হয়ে গেছেন। এদের একজন নির্বাচিত হয়েও ইতিহাস গড়তে যাচ্ছেন। সারা দুনিয়ার যেখানে যতো মানুষই মার্কিন আধিপত্য অবসানের কথায় উচ্চকিত হোক এ মুহূর্তের বাস্তবতায় এই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনই দুনিয়ার সবচেয়ে জমকালো রাজনৈতিক লড়াই।
মঙ্গলবারের এ নির্বাচনে কমপক্ষে ১৩ কোটি ভোটার ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। অজনপ্রিয় রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একজন উত্তরসূরী নির্বাচন করে আগামী চার বছরের জন্য যুক্তরাষ্ট্রের যাত্রাপথ নির্ধারণ করাই এ নির্বাচনের মূল লক্ষ্য। চলমান অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা, ইরাক ও আফগানিস্তান যুদ্ধ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এবং স্বাস্থ্য খাত ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ নীতিমালার সংস্কার ও ইতিবাচক পরিবর্তনই এ নির্বচন থেকে জনগণের প্রত্যাশ্যার বড় জায়গা।
সিনেটর হিসেবে নিজের প্রথম মেয়াদকালেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য লড়ছেন ইলিনয় রাজ্যের ডেমোক্র্যাট সিনেটর বারাক ওবামা। শ্বেতাঙ্গ মা আর কৃষ্ণাঙ্গ বাবার সন্তান ৪৭ বছর বয়সী ওবামা জয়ী হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
রিপাবলিকান দলের ৭২ বছর বয়সী জন ম্যাককেইন নির্বাচিত হলেও ইতিহাস সৃষ্টি হবে। তিনিই হবেন দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়স্ক প্রেসিডেন্ট এবং তার রানিং মেট সারাহ পেলিন হবেন দেশটির প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট।
নির্বাচনের আগের দিন সোমবারের জনমত জরিপেও দেখা গেছে, গুরুত্বপূর্ণ ৮টি রাজ্যের ৫টিতে এগিয়ে আছেন ওবামা।
ওদিকে, দেশব্যাপী জনমত জরিপের ফল অনুযায়ী, সারা দেশের ইলেক্টোরাল ভোটের হিসেবেও এগিয়ে আছেন ওবামা। হোয়াইট হাউসের দৌড়ে বিজয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেক্ট্রোরাল ভোটের চেয়ে যথেষ্ট বেশি সংখ্যক সমর্থন রয়েছে তার পক্ষেই। আর যুক্তরাষ্ট্রের সাংবিধানিক পদ্ধতি অনুসারে সারা দেশের 'পপুলার ভোট' যাই হোক না কেন ইলেক্টোরাল ভোটই চূড়ান্ত ফলাফলের মানদণ্ড।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুটি দলের দুই প্রার্থী ওবামা ও ম্যাককেইন যথাক্রমে ডেমোক্র্যাটিক দলের প্রতীক গাধা এবং রিপাবলিকান দলের প্রতীক হাতি নিয়েই এ নির্বাচনে অংশ নিচ্ছেন।
শীর্ষ এ দুটি দল ছাড়াও আরও বেশ কয়েকটি দলের বেশ কয়েকজন প্রার্থী অংশ নিচ্ছেন ২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। এদের মধ্যে উল্লেখযোগ্য 'লিবারেটেরিয়ান পার্টি' থেকে সাবেক কংগ্রেসম্যান বব বার, 'কন্সটিটিউশন পার্টি' থেকে যাজক এবং রেডিও টক শো'র উপস্থাপক চাক বাল্ডউইন, 'গ্রিন পার্টি' থেকে নির্বাচন করছেন আরেক সাবেক কংগ্রেসম্যান সিনথিয়া ম্যাককিনি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন রালফ নাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৫৫০ ঘ.
bdnews24