জাকার্তা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন বালি-বোমারুর আত্মীয়রা বিচারের রায় পুনর্বিবেচনার জন্য ইন্দোনেশিয়ার একটি আদালতে আপিল করেছে। সোমবার আদালতের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
২০০২ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের দুটি নাইট ক্লাবে বোমা হামলা চালানোর অভিযোগ স্বীকার করার পর ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী দল জামেয়াহ ইসলামিয়াহ'র সদস্য ইমাম সমুদ্র (৩৮), মুখলাস (৪৮) এবং আমরোজি (৪৬) কে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়।
ওই বোমারুদের মৃত্যুদণ্ডের শাস্তি পুনর্বিবেচনার জন্য এর আগে একাধিকবার সর্বোচ্চ আদালতসহ সাংবিধানিক আদালতে আপিল করা হলেও সেগুলো নাকচ করে দেওয়া হয়েছে। ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করা অমানবিক - আসামি পক্ষের এমন একটি আর্জিও খারিজ করে দেয় ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালত।
শনিবার দেশটির অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে জানানো হয়, "খুব শিগগিরই" এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
নতুন করে রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানানোর বিষয়ে দণ্ডিতদের আইনজীবী ফাহমি বাশমিদ বলেন, "আমরা আগের সিদ্ধান্তগুলোর বিষয়ে প্রশ্ন করার জন্য ডেনপাসার আদালতে বিচারিক পুনর্বিবেচনার আবেদন করেছি।"
আপিল দাখিলকারী এ আইনজীবী আরও জানান আমরোজি এবং মুখলাসের ভাই জাফর সাদিক এ আপিলটি করেছেন। তিনি জানান, মৃত্যুদণ্ডের রায় কার্যকরের আগে আপিলটির শুনানি করতে হবে আদালতকে।
বোমারুদের পক্ষের নাম প্রকাশে অনিচ্ছুক আরেক আইনজীবী জানিয়েছেন, আসামিদের সঙ্গে সোমবার দেখা করার অনুমতি দেওয়া হয়েছে তাদের আত্মীয়দের।
২০০৩ সালেই ওই তিন বোমারুকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হলেও নানা আইনি জটিলতা এবং রাজনৈতিক কারণে তা এখনও কার্যকর করা যায়নি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মুসলিম চরমপন্থী সংগঠন জামেয়া ইসলামিয়াহ'র এই তিন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরকে ঘিরে অবকাশ কেন্দ্র বালি দ্বীপসহ ইন্দোনেশিয়ার বিভিন্ন স্থানে বিশেষ করে কারাগার ও তার আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৩১৩ ঘ.
bdnews24