২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় মার্কিন হামলা, ৪ শিশুসহ ৮জন নিহত

সিরিয়ার অভ্যন্তরে ইরাক সীমান্ত সংলগ্ন এলাকায় রোববার হেলিকপ্টার গানশিপ নিয়ে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এতে চার শিশুসহ কমপক্ষে আটজন বেসামরিক লোক নিহত হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 06:43 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

লন্ডন, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - সিরিয়ার অভ্যন্তরে ইরাক সীমান্ত সংলগ্ন এলাকায় রোববার হেলিকপ্টার গানশিপ নিয়ে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এতে চার শিশুসহ কমপক্ষে আটজন বেসামরিক লোক নিহত হয়েছে। সিরিয়ার কর্মকর্তারা একথা জানিয়েছেন। একইসঙ্গে এ হামলাকে 'জঘন্য অপরাধ ও স্পষ্ট আগ্রাসন' অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন সিরীয় কূটনীতিকরা। (আরও তথ্যসহ) সিরিয়ার কর্মকর্তারা জানিয়েছে, রোববার ইরাক সীমান্ত সংলগ্ন বাও কামাল এলাকায় ওই হামলা চালায় মার্কিন বাহিনী। অন্যদিকে, এ হামলার কথা স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি যুক্তরাষ্ট্র। লন্ডনে সিরিয়ার প্রেস অ্যাটাসে জিহাদ মাকদিসি বিবিসিকে বলেছেন, "এটা একটি জঘন্য অপরাধ এবং অবশ্যই আগ্রাসন।" তিনি জানান, "মার্কিনিরা নির্মাণাধীন একটি বেসামরিক ভবনে ওই হামলা চালায়।" জিহাদ মাকদিসি বলেন, "তাদের (যুক্তরাষ্ট্র) কাছে যদি বিদ্রোহী কর্মকাণ্ডের কোনো প্রমাণ থাকতো, তাহলে এরকম জংলি আচরণ না করে তাদের উচিৎ ছিল প্রথমে সিরিয়াকে তা জানানো।" সিরীয় কূটনীতিক বলেন, "এই প্রশাসন (যুক্তরাষ্ট্রের) এটা প্রমাণ করেছে যে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকরের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। আমরা এ ঘটনার একটি স্পষ্ট ব্যাখ্যা চাই এবং সিরিয়ার অবশ্যই যথাযথভাবে এর জবাব দেওয়া অধিকার আছে।" সিরিয়া দামাসকাসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে এ ঘটনার ব্যখ্যা দিতে বলেছে। একইসঙ্গে ইরাকি সরকারকে এ ঘটনার তদন্ত করতে এবং ইরাক 'সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসনে' ব্যবহৃত হচ্ছে কি না সে বিষয়টি নিশ্চিত করতে বলেছে সিরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪১০ ঘ. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৩০ ঘ.