২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরিপে ৯ পয়েন্টে এগিয়ে ওবামা

মাত্র ৯ দিন বাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আর এ নির্বাচনকে সামনে রেখে চলমান প্রতিদিনের জরিপে ক্ষমতাসীন রিপাবলিকান দলীয় প্রার্থী জন ম্যাককেইনের (৭২) চেয়ে এখনও ৯ পয়েন্টে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী বারাক ওবামা (৪৭)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 09:03 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ওয়াশিংটন, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাত্র ৯ দিন বাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আর এ নির্বাচনকে সামনে রেখে চলমান প্রতিদিনের জরিপে ক্ষমতাসীন রিপাবলিকান দলীয় প্রার্থী জন ম্যাককেইনের (৭২) চেয়ে এখনও ৯ পয়েন্টে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী বারাক ওবামা (৪৭)। সংবাদ সংস্থা রয়টার্স, টেলিভিশন চ্যানেল সি-স্প্যান এবং জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান জগবি পরিচালিত এবং শনিবার প্রকাশিত জরিপের ফলাফলে এ খবর জানা গেছে। জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ভোটারদের শতকরা ৫১ ভাগ ইলিনয়ের সিনেটর বারাক ওবামাকে সমর্থন করছেন। অন্যদিকে, অ্যারিজোনার সিনেটর জন ম্যাককেইনকে সমর্থন জানাচ্ছেন শতকরা ৪২ জন। যা ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী বারাক ওবামার চেয়ে ৯ পয়েন্ট কম। অবশ্য, চলমান এ জরিপে এর আগে শুক্রবার ম্যাককেইনের চেয়ে ১০ পয়েন্টে এবং বৃহস্পতিবার ১২ পয়েন্টে এগিয়ে ছিলেন ওবামা। জরিপ পরিচালনাকারী জন জগবি জানান, অর্থনৈতিক নীতি পরিবর্তনের মাধ্যমে ম্যাককেইন কিছুটা ঘুরে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, "যখন থেকে তিনি অর্থনীতির বিষয়ে কিছুটা ভিন্ন অবস্থান নিয়েছেন এবং নেতিবাচক মন্তব্য করা থেকে বেরিয়ে এসেছেন তখন থেকেই তার অবস্থার পরিবর্তন হচ্ছে। এ বছর নেতিবাচক প্রচারাভিযান কোনো কাজে আসছে না।" তিনি আরও বলেন, "এখানে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল প্রতিযোগিতা এখনও শেষ হয়নি।" শনিবার প্রকাশিত জরিপে দেখা গেছে, শ্বেতাঙ্গ ভোটারদের শতকরা ৪৯ জন ম্যাককেইনকে সমর্থন জানাচ্ছেন। আর ডেমোক্র্যাটিক প্রার্থী বারাক ওবামাকে সমর্থন জানাচ্ছেন শতকরা ৪৩ জন। তবে কৃষ্ণাঙ্গ ভোটারদের শতকরা ৯২ জন এবং হিস্পানিক ভোটারদের শতকরা ৭০ জন ওবামাকে সমর্থন করছেন। তবে, আসন্ন নির্বাচনে কোন প্রার্থীকে ভোট দেবেন সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি শতকরা ৩ ভাগ ভোটার । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৪৫৪ ঘ.