২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ-চীনা কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, রাশিয়ার হুঁশিয়ারি

ইরানের কাছে পরমাণু প্রযুক্তি বিক্রির অভিযোগে চীন ও রাশিয়ার কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে শুক্রবার অভিযোগ করেছে রাশিয়া। একইসঙ্গে হুঁশিয়ার করে দিয়ে রাশিয়া বলেছে, এতে দুদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 02:13 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

মস্কো, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের কাছে পরমাণু প্রযুক্তি বিক্রির অভিযোগে চীন ও রাশিয়ার কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে শুক্রবার অভিযোগ করেছে রাশিয়া। একইসঙ্গে হুঁশিয়ার করে দিয়ে রাশিয়া বলেছে, এতে দুদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইরান, দক্ষিণ কোরিয়া এবং সিরিয়ার কাছে পরমাণু প্রযুক্তি বিক্রির অভিযোগে রাশিয়া ও চীনের কয়েকটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ওই প্রযুক্তি ব্যবহার করে দেশগুলো গণবিধ্বংসী পরমাণু অস্ত্র বা ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের এই ঘোষণার প্রতিক্রিয়ায় রশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, "আন্তর্জাতিক নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই এই নতুন অবরোধ চাপানো হয়েছে।" রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স একথা জানায়। তিনি আরও বলেন, "আমরা এই নিষেধাজ্ঞা বিবেচনায় নেব। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে।" এই পদক্ষেপের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিতে রাশিয়ার সহযোগিতাকে যুক্তরাষ্ট্র খাটো করে দেখছে বলে জানান ল্যাভরভ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে এই অভিযোগ অস্বীকার করে ইরান দাবি করে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং জ্বালানি তৈরির উদ্দেশ্যেই তা পরিচালিত হচ্ছে। ল্যাভরভ বলেন, "ওয়াশিংটনে বসে যদি কেউ মনে করে এভাবে ইরানের পরমাণু ইস্যুর সমাধান করা যাবে এবং একই সঙ্গে রাশিয়াকে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পথ ধরানো যাবে, তাহলে তারা ভুল করছেন।" ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ প্রশ্নে রাশিয়া কখনো কখনো সমর্থন দিয়ে এসেছে। তবে তারা বলে আসছে, ইরান যে পরমাণু অস্ত্র তৈরি করছে এর কোনো প্রমাণ নেই। রাশিয়ার এই প্রতিক্রিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য জানানোর জন্য তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মুখপাত্রের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯২০ ঘ.