২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে সরকার গঠনের আলোচনা ব্যর্থ, আগাম নির্বাচনের সম্ভাবনা

ইসরায়েলের ধর্মীয় রাজনৈতিক দল শাস পার্টি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির নেতৃত্বাধীন জোট সরকারে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফলে মুখ থুবড়ে পড়েছে লিভনির জোট সরকার গঠনের চেষ্টা। দেখা দিয়েছে আগাম নির্বাচনের সম্ভাবনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 01:10 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

জেরুজালেম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের ধর্মীয় রাজনৈতিক দল শাস পার্টি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির নেতৃত্বাধীন জোট সরকারে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফলে মুখ থুবড়ে পড়েছে লিভনির জোট সরকার গঠনের চেষ্টা। দেখা দিয়েছে আগাম নির্বাচনের সম্ভাবনা। কট্টরপন্থি ইহুদি দল শাস পার্টি জানিয়েছে, তারা লিভনির নেতৃত্বাধীন কাদিমা পার্টির অধীনে সরকারে যোগ দিতে চায় না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রধানমন্ত্রী এহুদ ওলামার্টের শান্তি প্রচেষ্টার বিরোধিতাকারী এ দলটি আগাম নির্বাচন হলে জিততে পারে। ইসরায়েলে ২০১০ সালে নির্ধারিত নির্বাচন হওয়ার কথা। শাস পার্টি জানিয়েছে, তারা কোনোভাবেই জেরুজালেম ভাগ হতে দেবে না। একারণেই তারা সরকারে যোগ দেবে না। তবে এ বিষয়ে লিভনির কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি। তবে তিনি খুব সহজে আশা ছাড়বেন না বলেই মনে করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী লিভনি গত মাসে দলীয় নির্বাচনে কাদিমা পার্টির চেয়ারপার্সন নির্বাচিত হন। আর দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। তবে ওলমার্ট তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ক্ষমতাসীন দলের নেত্রী হিসেবে লিভনিকে জোট সরকার গঠনের আহ্বান জানান প্রেসিডেন্ট শিমন পেরেজ। নিয়মানুযায়ী, এজন্য তিনি সময় পান ২৮ দিন। গত সোমবার সেই সময় হয়। ওই দিনই তিনি প্রেসিডেন্ট শিমন পেরেজের সঙ্গে দেখা করে আরও সময় চান। প্রেসিডেন্ট তাকে ছয় দিন সময় দেন। আগামী রোববার তা শেষ হবে। অথচ সরকার গঠনে তার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৪৫ ঘ.