শ্রীনগর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিচ্ছিন্নতাবাদীদের ধর্মঘটে অচল হয়ে পড়েছে কাশ্মীর। বন্ধ হয়ে গেছে নগরীর সব স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান। কাশ্মীর সমস্যা সমাধানে জাতিসংঘের গণভোট অনুষ্ঠানের প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে বিচ্ছিন্নতাবাদীরা শুক্রবার ধর্মঘট করে।
শুক্রবার জাতিসংঘ দিবসের মধ্যেই ধর্মঘট পালিত হয়। কাশ্মীর ভারত না পাকিস্তান-- কার অংশ হবে তা নির্ধারণের জন্য জাতিসংঘ ১৯৪৮ সালে কাশ্মীরীদের গণভোট অনুষ্ঠানের প্রস্তাব দেয়।
শুক্রবার ধর্মঘট চলাকালে কাশ্মীরের কট্টর বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলী শাহ জিলানি বলেন, "কাশ্মীর প্রশ্নে জাতিসংঘ প্রস্তাবনা বাস্তবায়নের জন্য চাপ সৃষ্টি করতে আমরা জাতিসংঘ দিবসেই ধর্মঘট ডেকেছি।"
এর আগে গত দু মাসে কাশ্মীরে ভারত বিরোধী দুটি বড় বিক্ষোভ হয়েছে। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরেও প্রায়ই ধর্মঘটে ব্যাংক এবং সরকারি কার্যালয় বন্ধ থাকে। বিপর্যস্ত হয় জনজীবন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২০ ঘ.
bdnews24