জাতিসংঘ, অক্টোবর, ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট বারাক ওবামা কিংবা জন ম্যাককেইন যেই হোন, কিউবার মার্কিন ঘাঁটি গুয়ান্তানামো বে বন্দিশিবির হয়ত বন্ধ করবেন। কিন্তু তাতেই সবকিছু চুকে যাবে না। কারণ, তিনি হয়ত ওই শিবিরে অনির্দিষ্টকালের জন্য কিছু বন্দি রেখে দেওয়ার সিদ্ধান্ত নেবেন। জাতিসংঘের এক মানবাধিকার দূত বুধবার একথা বলেছেন।
গুয়ান্তানামো বে বন্দিশিবিরে বন্দি নির্যাতন পদ্ধতি বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সরকার ও মানবাধিকার সংগঠনগুলোর কাছ থেকে ব্যাপক সমালোচনার শিকার হয়েছে। যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোও ওই বন্দিশিবিরের নির্যাতন পদ্ধতির নিন্দা করেছে।
পরবর্তী প্রেসিডেন্ট পদের জন্য লড়াইরত দুই প্রার্থী বারাক ওবামা এবং জন ম্যাককেইন দুজনই ওই শিবির বন্ধ করে দেওয়ার অঙ্গীকার করেছেন।
জাতিসংঘের বিশেষ মানবাধিকার দূত মার্টিন শেইনিন বলেন, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট দ্রুতই ওই শিবির বন্ধ করে দেবে বলেই তিনি আশা করেন। তিনি বলেন, "এতে করে নির্দোষ তারা মুক্তি পেয়ে যাবে। আর যারা অপরাধী তাদের বিচার শুরু হবে।
কিন্তু মার্টিন বলেন, "যেসব বন্দিকে মুক্তি দেওয়া হবে না বিচার করা হবে সে সিদ্ধান্ত হয়নি তাদেরকে অনির্দিষ্টকাল আটক করে রাখার ব্যবস্থা করতে পারে নতুন প্রশাসন। এ লক্ষ্যে প্রশাসন তখন নতুন আইন করার সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আমি এই সমাধানের ঘোর বিরোধী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫০ ঘ.
bdnews24