তিবলিসি, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ ওসেটিয়ায় রাশিয়া গত সপ্তাহে দুই হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং বিচ্ছিন্নতাবাদী ওই অঞ্চলকে উস্কে দেওয়ার পাঁয়তারা করছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছে জর্জিয়া।
জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোতা উতিয়াসভিলি এক সংবাদ সম্মেলনে বলেন, "রাশিয়া আগের সপ্তাহে দক্ষিণ ওসেটিয়ায় সেনা সংখ্যা দুই হাজার থেকে বাড়িয়ে সাত হাজার করেছে।"
তিনি আরও বলেন, "আমরা আশঙ্কা করছি রাশিয়া সেখানে উস্কানির দেওয়ার চেষ্টা করছে।"
তবে জর্জিয়ার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উতিয়াসভিলি জানান, দক্ষিণ ওসেটিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিতর্কিত আখালগরি এলাকায় রাশিয়া অনেকগুলো সশস্ত্রযান মোতায়েন করেছে। জর্জিয়ার দাবি ফ্রান্সের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ওই এলকাটি তাদের দখলে আসার কথা।
গত আগস্টে দক্ষিণ ওসেটিয়ায় জর্জিয়ার সেনাবাহিনীর অভিযানের বিরুদ্ধে সেখানে সেনা ও ট্যাঙ্ক পাঠায় রাশিয়া। তখন রাশিয়ার বাহিনীর সঙ্গে পাঁচ দিনের একটি সংক্ষিপ্ত যুদ্ধের পর পিছু হটে যায় জর্জিয়া বাহিনী।
এরপর আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে স্বাধীনতাকামী দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়াকে স্বাধীন দেশ হিবেসে স্বীকৃতি দেয় রাশিয়া এবং তাদের নিরপত্তার জন্য সেখানে সাত হাজার ছয়শ' সেনা মোতায়েন করবে বলে জানায় ক্রেমলিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫৫ ঘ.
bdnews24