২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে দুই কোটি মানুষের চাকরি হারানোর আশঙ্কা

বিশ্ব অর্থনৈতিক সঙ্কটের ভয়াবহ প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক শ্রম বাজারে। অর্থনীতির বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী বছরের শেষ নাগাদ বিশ্বের দুই কোটি মানুষ চাকরি হারাতে পারে। জাতিসংঘের একটি সংস্থা সোমবার এক ভবিষ্যদ্বাণীতে এ আশঙ্কার কথা জানিয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 06:06 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

জেনেভা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব অর্থনৈতিক সঙ্কটের ভয়াবহ প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক শ্রম বাজারে। অর্থনীতির বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী বছরের শেষ নাগাদ বিশ্বের দুই কোটি মানুষ চাকরি হারাতে পারে। জাতিসংঘের একটি সংস্থা সোমবার এক ভবিষ্যদ্বাণীতে এ আশঙ্কার কথা জানিয়েছে। বিশ্ব অর্থনীতির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাসের ভিত্তিতে এ ভবিষ্যদ্বাণী করেছে সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক জাতিসংঘের শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)। আন্তর্জাতিক শ্রম সংস্থার এ ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, চলমান আর্থিক সঙ্কটের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, আর্থিক সেবাদানকারী এবং গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোয়। সোমবার আইএলও'র মহাপরিচালক হুয়ান সোমাভিয়া জেনেভায় সাংবাদিকদের জানান, গত বছর বিশ্বে বেকারের সংখ্যা ছিল ১৯ কোটি এবং তাদের ধারণা ২০০৯ সালের শেষ দিকে এ সংখ্যা ২১ কোটি ছাড়িয়ে যাবে। আর তা হলে ২০০৯ সালে প্রথমবারের মতো বিশ্বে বেকারের সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে যাবে। তিনি বলেন, "মানুষ এবং চাকরি ও প্রকল্পের ভবিষ্যতের বিষয় সামনে রেখে আমাদের অর্থনীতি সঙ্কট নিয়ে আলোচনা করতে হবে" সোমাভিয়া বলেন, আইএলও সঙ্কট সমাধানে কর্মসংস্থান সৃষ্টি এবং "সত্যিকারের অর্থনীতির" বিষয়ে উৎসাহিত করতে অন্যান্য পদক্ষেপ নিয়ে জোরাল আলোচনা চায়। চীনের উদাহরণ দিয়ে তিনি বলেন, তবে অভ্যন্তরীণ বিশাল বাজার সম্পন্ন এবং রপ্তানির ওপর বেশিমাত্রায় নির্ভরশীল নয় এমন দেশগুলো চলমান আর্থিক সঙ্কট ভালভাবে মোকাবেলা করতে পারবে। সোমাভিয়া বলেন, ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত শক্তিশালী আর্থিক প্রবৃদ্ধি সত্ত্বেও বেকারত্বের হার একই পর্যায়ে থাকার বিষয়টি ছিল উদ্বেগজনক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমডি/এলকিউ/১৫৩১ ঘ.