হংকং, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে গত চার বছরের মধ্যে প্রথম অর্থনৈতিক প্রবৃদ্ধির হার এক অঙ্কের ঘরে নেমে এসেছে। ওদিকে, সোমবার দক্ষিণ কোরিয়া সরকারের ১৩ হাজার কোটি ডলারের আর্থিক সহায়তা কর্মসূচির ঘোষণায় দেশটির মুদ্রামান বেড়েছে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর হিসেবে, গত সেপ্টেম্বর পর্যন্ত শেষ তিন মাসে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৯ শতাংশ। আগের তিন মাসে এই প্রবৃদ্ধির হার ১০ দশমিক ১০ শতাংশ ছিল। এছাড়া তাদের শিল্প প্রবৃদ্ধির হারও গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে।
এ ব্যাপারে ব্যুরোর মুখপাত্র লি জিয়াওচাও জানান, আন্তর্জাতিক অর্থনৈতিক সঙ্কটের প্রভাব সরকারের অনুমানের চেয়ে অনেক বেশি ছিল।
তিনি বলেন, "বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হারও নেমে গেছে। আন্তর্জাতিক অর্থনীতির ওপর এখনও অনেক অনিশ্চয়তার কালোমেঘ জমেছে। সঙ্কট কাটিয়ে ওঠার ব্যাপারে এ মুহূর্তে নির্দিষ্ট কোনো উপায় দেখা যাচ্ছে না।"
সংহাই ভিত্তিক পুঁজিবাজারে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান টেবন সিকিউরিটিজের বিশ্লেষক ঝ্যাং ফ্যান বলেন, অবশ্যই অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে গেছে। রপ্তানিসহ অর্থনীতির দু'একটি সূচক ভালো থাকলেও বাকি সূচকগুলো নেমে গেছে।
এদিকে দক্ষিণ কোরিয়া সরকার সহায়তা কর্মসূচি ঘোষণা করায় সোমবার দেশটির মুদ্রা 'ওন' এর মান আট শতাংশ বেড়েছে। আন্তর্জাতিক অর্থনৈতিক সঙ্কটের প্রভাবে শুধু অক্টোবর মাসেই ওনের মান ১১ শতাংশ কমে গিয়েছিল।
অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় সোমবার কোরীয় সরকার ব্যাংক ও রপ্তানি খাতের জন্য তিন হাজার কোটি ডলার এবং বৈদেশিক ঋণ পরিশোধে এক হাজার কোটি ডলার সরবরাহের ঘোষণা দেয়।
কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর লি সিয়ং-টে জানান, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আগামী বছর শ্লথ হয়ে যেতে পারে, তবে এ বছর তেমন প্রভাব পড়বে না। যেখানে প্রয়োজন সেখানে প্রয়োজনীয় অর্থ সরবাহের আশ্বাস দেন তিনি।
সোমবার এশিয়ার পুঁজিবাজারে শেয়ারের দাম বেড়েছে। জাপানের নিকি সূচক তিন দশমিক ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দিন শেষ করে। এছাড়া হংকং, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার পুঁজিবাজারও চাঙ্গা ছিল এদিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এলকিউ/২২০২ ঘ.
bdnews24