নতুন দিল্লি, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কয়েক মাসের কেন্দ্রীয় শাসনের অবসান ঘটাতে বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মিরে নভেম্বরে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে ভারত সরকার। ভারতের নির্বাচন কমিশন রোববার এই ঘোষণা দিয়েছে।
নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দিল্লিতে বলেন, আগামী ১৭ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর জম্মু ও কাশ্মিরে নির্বাচন অনুষ্ঠিত হবে। হিন্দুদের একটি মন্দিরে সরকারি জমি বরাদ্দকে কেন্দ্র করে হিন্দ-মুসলমান সংঘাতের মধ্যে গত জুলাইয়ে সেখানে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে।
প্রধান নির্বাচন কমিশনার এন গোপালস্বামী দিল্লিতে সাংবাদিকদের বলেন, "কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা শুরু হবে ১৭ নভেম্বর থেকে।"
গত সপ্তাহে ভারত অন্য পাঁচটি প্রদেশে বিধানসভা নির্বাচনের ঘোষণা দিলেও তখন কাশ্মিরে নির্বাচনের বিষয়ে কিছু বলা হয়নি।
২০০৯ সালে সাধারণ নির্বাচনের আগে এই ছয়টি প্রদেশের নির্বাচন সরকার ও বিরোধী উভয় পক্ষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ক্ষমতাসীন কংগ্রেস গত বছর কয়েকটি প্রাদেশিক নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে বেশ নাজেহাল হয়েছে।
কাশ্মিরে ১৯৮৯ সালে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠার পর গত দুই মাসে সেখানে স্বাধীনতার স্বপক্ষে বেশ বড় ধরনের বিক্ষোভ হয়েছে।
তবে কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে, তারা নির্বাচন বয়কট করবে। একই সঙ্গে নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, নির্বাচনের সময় সেখানে আন্দোলন বিক্ষোভ আরও বাড়তে পারে।
নিরাপত্তা বিশ্লেষক অশোক মেহতা রয়টার্সকে বলেন, "শুধু নির্বাচনী কর্মকর্তাদের নয়, জনগণকেও ভোট না দেওয়ার জন্য হুমকি দেওয়া হতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৩৩ ঘ.
bdnews24