ওয়াশিংটন, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্ব উষ্ণায়নের ভয়বাহ প্রভাব দেখা দিয়েছে উত্তরমেরু আর্কটিকে। এ হেমন্তে সেখানকার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৯ ডিগ্রি ফারেনহাইট (৫ ডিগ্রি সেলসিয়াস) বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। গত কয়েক বছরে সেখানকার সমুদ্রের বরফ গলে যাওয়ায় তাপমাত্রা বৃদ্ধির এ রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন' (এনওএএ) এবং অন্যান্য বিশেষজ্ঞাদের ইস্যু করা ওই বার্ষিক প্রতিবেদনে আর্কটিকে জলবায়ু পরিবর্তনের এ ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।
গবেষণায় দেখা গেছে, আর্কটিকে গত কয়েক বছরে বিপুল পরিমাণে সমুদ্রের বরফ গলে যাওয়ায় মহাসাগরে সূর্যের তাপ লাগছে বেশি। ফলে এ হেমন্তে সেখানকার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৯ ডিগ্রি ফারেনহাইট (৫ ডিগ্রি সেলসিয়াস) বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আর্কটিকের বায়ুমণ্ডল এবং মহাসাগরের উষ্ণায়ন জলজ ও স্থলজ প্রাণীকুলের ওপর প্রভাব ফেলার পাশাপাশি সমুদ্রে শীতকালীন বরফের পরিমাণ কমিয়ে দিয়েছে। যেখানে আর্কটিকের শীতের এ বরফ সাধারণত পরবর্তী গ্রীষ্ম পর্যন্ত থাকত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুনো বলগা-হরিণ এবং তাদের পালের সংখ্যা কমে যাচ্ছে। প্রতিবেদনে গ্রিনল্যান্ডের ভূপৃষ্ঠের বরফ গলতে থাকার কথাও বলা হয়েছে।
এ গবেষণায় জড়িত সিয়াটলে অবস্থিত যুক্তরাষ্ট্রের এনওএএ'র 'প্যাসিফিক এনভায়রনমেন্টাল ল্যাবরেটরি'র মহাসমুদ্রবিদ জেমস ওভারল্যান্ড এক বিবৃতিতে বলেন, "নানাবিধ কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি ষ্পষ্ট করে তুলেছে আর্কটিকের এই পরিবর্তন।"
তিনি বলেন, "এটি একটি স্পর্শকাতর প্রক্রিয়া। এতে প্রায়শই অপেক্ষাকৃত দ্রুত ও নাটকীয় পরিবর্তন দেখা যায়।"
কলোরাডো বিশ্ববিদ্যালয়ের জাতীয় তুষার ও বরফ উপাত্ত কেন্দ্রের গবেষকরা গত মাসে এক প্রতিবেদনে বলেছিলেন, আর্কটিক সাগরের বরফ এ গ্রীষ্মে রেকর্ড পরিমাণ গলে ২য়-সর্বনিন্ম পর্যায়ে পৌঁছেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১২৫৬ ঘ.
bdnews24