বাগদাদ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১১ সালের শেষে ইরাক ছেড়ে চলে যেতে হবে মার্কিন সেনাদের। তবে এরপরও তারা থাকতে চাইলে ইরাক সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের একটি খসড়া চুক্তিতে একথাই বলা হয়েছে।
ইরাকে মার্কিন সেনা উপস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি চলতি বছর শেষ হচ্ছে। এ কারণে এরপর ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতির বৈধতা নিশ্চিত করার জন্য বাগদাদের সঙ্গে ওয়াশিংটনের এ চুক্তি প্রয়োজন।
গত কয়েক মাসে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে চুক্তির এই খসড়া তৈরি হয়েছে। চুক্তিটি পাস করার জন্য ইরাকি রাজনীতিবিদদের কাছে উপস্থাপন করা হয়েছে।
মার্কিন সেনাদদের ইরাকে উপস্থিতির সময়সীমা নির্ধারণ নিয়ে গত কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে যথেষ্ট মতপার্থক্য ছিল।
ইরাক সরকারের মুখপাত্র আলি আল দাব্বাহ রয়টার্সকে বলেন, "২০১১ সালের শেষ নাগাদ সেনা প্রত্যাহার সম্পন্ন করতে হবে। তবে এই সময়ে সরকার সিদ্ধান্ত নেবে ২০১১ সালের পরেও মার্কিন সেনা থাকা দরকার আছে কি-না।"
মার্কিন সেনাদের দায়মুক্তি সম্পর্কে তিনি বলেন, "ক্যাম্পে থাকা অবস্থায় তারা মার্কিন আইনের অধীন। তবে ক্যাম্পের বাইরে তারা কোনো ইচ্ছাকৃত ভয়ানক অপরাধ করে থাকলে ইরাকি আইনে তাদের বিচার হবে।"
চুক্তিটি চূড়ান্ত হওয়ার জন্য ইরাকি নেতা, মন্ত্রিপরিষদ ও পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। তবে চলতি বছরের মধ্যে এই চুক্তি চূড়ান্ত না হলে মার্কিন সেনাদের উপস্থিতির বৈধতা নিশ্চিত করতে জাতিসংঘের অনুমোদন চাইবে ইরাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৪৫ ঘ.
bdnews24