২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে মন্ত্রিপরিষদ নিয়ে আলোচনার আগেই দুই ভাইস প্রেসিডেন্টের শপথ

মন্ত্রিপরিষদ গঠন নিয়ে আলোচনার আগেই দুই ভাইস-প্রেসিডেন্টকে শপথ নেওয়ালেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। সোমবার এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 01:23 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

হারারে, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মন্ত্রিপরিষদ গঠন নিয়ে আলোচনার আগেই দুই ভাইস-প্রেসিডেন্টকে শপথ নেওয়ালেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। সোমবার এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন। এ বিষয়ে সরকারের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, "আজ সকালে দুই ভাইস-প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। কারণ, তাদের অবস্থান বিতর্কিত নয়।" বিশ্লেষকরা মনে করছেন, মুগাবের এ পদক্ষেপ ক্ষমতা-ভাগাভাগি নিয়ে বিরোধীদের সঙ্গে যে চুক্তি হয়েছে তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। কেননা, এর আগে গত শনিবার গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে নিজের দল জানু-পিএফ পার্টির নেতাদের নিয়োগ দিয়েছেন মুগাবে। আর এমন পরিস্থিতিতে আগের পদক্ষেপে ক্ষুব্ধ মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক "েঞ্জ (এমডিসি) এর নেতা-কর্মীরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠতে পারেন বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। শনিবারের ওই পদক্ষেপের পর রোববার এমডিসি নেতা মর্গান স্যাঙ্গেরাই হুমকি দিয়ে বলেন, জিম্বাবুয়েতে মন্ত্রিপরিষদের আসন ভাগাভাগি নিয়ে সংকটের অবসান না হলে তারা ক্ষমতা ভাগাভাগি চুক্তি থেকে বেরিয়ে যাবেন। তবে স্যাঙ্গেরাই জানান, মতৈক্যে পৌঁছাতে আলোচনা চালিয়ে যেতে তার দল প্রস্তুত। ওদিকে, জিম্বাবুয়ের মন্ত্রিপরিষদের মন্ত্রণালয় ভাগাভাগি নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে সোমবার রাতে হারারে সফরে আসা কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকির। মুগাবে এবং স্যাঙ্গেরাই বহু প্রতীক্ষিত ক্ষমতা-ভাগাভাগি চুক্তিতে স্বাক্ষর করেন গত সেপ্টেম্বরে। চুক্তির ফলে দেশটিতে প্রেসিডেন্ট মুগাবের প্রায় তিন দশকের একচেটিয়া ক্ষমতার অবসান হয়। চুক্তির আওতায় স্যাঙ্গেরাই হন দেশটির প্রধানমন্ত্রী। এছাড়া তিনি মন্ত্রিসভার তদারককারী মন্ত্রিসভা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে প্রেসিডেন্ট পদ মুগাবের হাতেই রয়ে গেছে। চুক্তি অনুযায়ী মন্ত্রিপরিষদের ১৫টি পদ পাবে মুগাবের জানুপিএফ, ১৩টি পাবে স্যাঙ্গেরাইয়ের এমডিসি এবং ৩টি পাবে মুতামবারার নেতৃত্বাধীন এমডিসির অপর অংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৮৫৩ ঘ.