২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকিং ব্যবস্থা পুনরুদ্ধার পদক্ষেপে শেয়ার বাজারে চাঙ্গাভাব

গভীর সংকটে পড়া বিশ্বের ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থা ফিরিয়ে আনতে সরকারগুলো নতুন ও জোরালো পদক্ষেপ নেওয়ার পর শেয়ার বাজারে চাঙ্গাভাব ফিরে আসতে শুরু করেছে। গত সপ্তাহে চার বছরের মধ্যে রেকর্ড দরপতনের পর সোমবার বেড়েছে শেয়ারের দাম। পাশাপাশি বেড়েছে তেলের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 12:14 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

লন্ডন, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গভীর সংকটে পড়া বিশ্বের ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থা ফিরিয়ে আনতে সরকারগুলো নতুন ও জোরালো পদক্ষেপ নেওয়ার পর শেয়ার বাজারে চাঙ্গাভাব ফিরে আসতে শুরু করেছে। গত সপ্তাহে চার বছরের মধ্যে রেকর্ড দরপতনের পর সোমবার বেড়েছে শেয়ারের দাম। পাশাপাশি বেড়েছে তেলের দাম। ৮০ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকট মোকাবেলায় এবং ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থা ফিরিয়ে আনতে সোমবার বিশ্বের সরকারগুলো যে নতুন ও জোরাল পদক্ষেপ নিয়েছে তাতে অর্থবাজারে হাজার হাজার কোটি ডলার ঢালার পরিকল্পনা রয়েছে। নতুন এ পদক্ষেপের ইতিবাচক প্রভাব সোমবারই পড়েছে বিশ্বের বড় শেয়ার বাজারগুলোয়। গত সপ্তাহে চার বছরের রেকর্ড দরপতনের পর এদিন চাঙ্গা হয়েছে বিশ্ব শেয়ার। জাপান ছাড়া এশিয়ার বড় শেয়ার বাজাগুলোয় বেড়েছে মূল্যসূচক। ইউরোপের শেয়ার বাজারেও দিনের শুরুতেই সূচক বেড়েছে সাড়ে চার শতাংশর বেশি। বিশ্ব অর্থনীতির মন্দা ঠেকাতে নেওয়া এসব পদক্ষেপের প্রভাব পড়েছে তেল বাজারেও। সোমবার যুক্তরাষ্ট্রের বাজারে অশোধিত তেলের দাম ৫ শতাংশ বেড়ে গত ১৩ মাসের রেকর্ড দরপতন থেকে উঠে ৮১ দশমিক ৫৭ ডলারে বিক্রি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাজ্যের শীর্ষ ব্যাংকগুলো কিনতে সরকার ৩৭ বিলিয়ন পাউন্ড (৬৩ দশমিক ৯৫ বিলিয়ন ডলার) বাজারে ছাড়ার এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের ব্যাংকগুলোর সব আমানতের নিশ্চয়তা দেওয়ার পর বিশ্ব শেয়ার ও তেল বাজারে সোমবার এ চাঙ্গাভাব দেখা দিয়েছে। এছাড়া, অচিরেই জার্মানি, ফ্রান্স এবং ইটালিও এ ধরনের পদক্ষেপের ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা আরও মনে করছেন, ব্যাংকিং খাত পুনরুদ্ধারের নতুন এসব পরিকল্পনা অর্থবাজারের গত ৮০ বছরের মধ্যকার সবচেয়ে বিপর্যয়কর পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করতে শুরু করেছে। কমতে শুরু করেছে আন্তঃব্যাংক লেনদেনের সুদের হারও। রয়টার্স জানিয়েছে, সোমবার আন্তঃব্যাংক লেনদেনে সুদের হার ডলারে ৪ দশমিক ১ শতাংশ এবং পাউন্ড স্টার্লিং-এ ৫ শতাংশের নীচে নেমে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭১৭ ঘ.