ইসলামাবাদ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেছেন, কাশ্মীরের 'চেনাব' নদীর পানি নিয়ে ভারতের সঙ্গে বিরোধ বাড়তে থাকায় দেশদুটির মধ্যে সম্পর্ক জোরদারের চেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে। রোববার এক বিবৃতিতে জারদারি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। (আরও তথ্যসহ)
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং চেনাব নদীর বাগলিহার বাঁধে সাড়ে চারশ' মেগাওয়াট পানি বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করার দুই দিন বাদেই একথা বললেন পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি। চেনাব নদীটি ভারত শাসিত কাশ্মীরের বাগলিহার দিয়ে পাকিস্তানি কাশ্মীরে প্রবেশ করেছে।
জারদারি বলেন, "পাকিস্তানে চেনাব নদীর পানি সরবরাহ বন্ধে ভারতের পদক্ষেপের কারণে পাকিস্তানকে চড়া মূল্য দিতে হতে পারে।" রোববার রাতে সরকারি বার্তাসংস্থা এসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান (এপিপি) একথা জানায়।
গত মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের এক পার্শ্ববৈঠকে মনমোহনের সঙ্গে তার আলোচনার কথা উল্লেখ করে বিবৃতিতে জারদারি বলেন, "নিউ ইয়র্কে আমাদের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আমাকে নিশ্চয়তা দিয়েছিলেন যে তার দেশ আমাদের পানিবণ্টন চুক্তি গুরুত্বের সঙ্গে মেনে চলার বিষয়ে প্রতিশ্র"তিবদ্ধ।"
জারদারি বলেন, "আমরা আশাবাদী যে তিনি তার প্রতিশ্র"তি রক্ষা করবেন।"
গত সপ্তাহে পাকিস্তানের সংবাদপত্রগুলো জানায়, ভারত চেনাব নদীর পানি আটকে দিয়েছে। আর এ খবরে পাকিস্তানিদের মধ্যে তাদের ফসলি জমির জন্য পর্যাপ্ত পানি পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
জারদারি রোববার বলেন, ১৯৬০ সালে সম্পাদিত 'সিন্ধু পানি চুক্তির' লঙ্ঘন "গত কয়েক বছর ধরে গড়ে ওঠা দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।"
ওদিকে, বাগলিহার বাঁধের কারণে পানি প্রবাহ কমে যাওয়া সংক্রান্ত পাকিস্তানের যুক্তি প্রত্যাখ্যান করে ভারত বলেছে, প্রচণ্ড বিদ্যুৎ সংকটে থাকা কাশ্মীরের জন্য এ প্রকল্প খুবই জরুরি।
চেনাব নদীর পানিবণ্টন বিতর্ক নিয়ে ২০০৫ সালে বিশ্বব্যাংকের একদল বিশেষজ্ঞ একটি তদন্ত পরিচালনা করে। তবে সে তদন্তের প্রতিবেদন আজও অপ্রকাশিত।
পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, চেনাব নদীর পানি নিয়ে আলোচনার জন্য পকিস্তানের পানি কমিশনার মঙ্গলবার নয়াদিল্লি সফরে যাবেন।
১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর পরমাণু অস্ত্রসমৃদ্ধ ভারত ও পাকিস্তানের মধ্যে তিন তিনবার যুদ্ধ হয়েছে। এছাড়া, ২০০২ সালে দেশদুটি তাদের চতুর্থ যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। তবে ২০০৪ সালের প্রথম দিকে তারা একটি শান্তি প্রক্রিয়া শুরু করার পর থেকে তাদের সম্পর্কে অনেক অগ্রগতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪০৪ ঘ.
bdnews24