হারারে, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়েতে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিজের দলের লোকদের নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। আর এতে ক্ষুব্ধ হয়েছে বিরোধীদল। ফলে হুমকির মুখে পড়েছে ক্ষমতা ভাগাভাগির চুক্তি।
শনিবার সরকারে এক বিজ্ঞপ্তি থেকে জানা যায় গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে নিজের দল জানু-পিএফ পার্টির নেতাদের নিয়োগ দিয়েছেন মুগাবে।
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে অচলাবস্থায় পড়েছে মুগাবে ও বিরোধী মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক "েঞ্জ (এমডিসি) নেতা মর্গান স্যাঙ্গেরাইয়ের মধ্যকার ক্ষমতা ভাগাভাগির চুক্তি। তবে সংকট সমাধানে মধ্যস্থতাকারী দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকির সাহায্য নিতে একমত হন উভয় নেতা। এরই মধ্যে মুগাবে এই তিনটি মন্ত্রণালয়ে নিজের লোকদের নিয়োগ দিলেন।
মুগাবে এবং স্যাঙ্গেরাই বহু প্রতীক্ষিত ক্ষমতা-ভাগাভাগি চুক্তিতে স্বাক্ষর করেন গত সেপ্টেম্বর মাসে। চুক্তির ফলে দেশটিতে প্রেসিডেন্ট মুগাবের প্রায় তিন দশকের একচেটিয়া ক্ষমতার অবসান হয়।
চুক্তির আওতায় স্যাঙ্গেরাই হন দেশটির প্রধানমন্ত্রী। এছাড়া তিনি মন্ত্রিসভার তদারককারী মন্ত্রিসভা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে প্রেসিডেন্ট পদ মুগাবের হাতেই রয়ে যায়।
চুক্তি অনুযায়ী মন্ত্রিপরিষদের ১৫টি পদ পাবে মুগাবের জানুপিএফ, ১৩টি পাবে স্যাঙ্গেরাইয়ের এমডিসি এবং ৩টি পাবে মুতামবারার নেতৃত্বাধীন এমডিসির অপর অংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২৫ ঘ.
bdnews24