ওয়াশিংটন, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের কেন্দ্রীয় ব্যাংক- 'রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া' (আরবিআই) প্রধান ডুভভুরি সুব্বারাও শুক্রবার জানিয়েছেন, তার দেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থা ভাল অবস্থায় আছে।
ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে আরবিআই গভর্নর সুব্বারাও বলেন, "বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যেও ভারতের বাজারে আমরা দেখছি সবকিছু ঠিকঠাক অবস্থায় চলছে। আমরা বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে সঠিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত আছি।"
তিনি জানান, প্রবৃদ্ধি অব্যাহত রেখে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে মূদ্রাস্ফীতি কমানোর প্রচেষ্টাই আরবিআইয়ের কাছে এই মূহুর্তে প্রাধান্য পাচ্ছে।
ভারতের বৈদেশিক বিনিময় ব্যবস্থা এবং অর্থ বাজার নিয়মমাফিক কাজ করছে উল্লেখ করে তিনি জানান, রুপির মূল্য বাজারের চাহিদা ও সরবরাহের ভিত্তিতেই নির্ধারিত হবে।
শিল্পোন্নত সাতটি দেশের শুক্রবারের বৈঠক থেকে তিনি কি সিদ্ধান্ত আশা করছেন- এ প্রশ্নের জবাবে সুব্বারাও বলেন, "আমি মনে করি, উন্নত দেশগুলো তাদের সংকটের প্রকৃত অবস্থা এবং উদ্ধার প্যাকেজ কিভাবে কার্যকর করা হবে এ বিষয়ে বিস্তরিত যদি আমাদের জানতে দেয় তাহলে সেটা বেশ কাজে আসবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮১৫ ঘ.
bdnews24