ওয়াশিংটন, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া আর্র্থিক সঙ্কট মোকাবেলোয় শুধুমাত্র উন্নয়নশীল ও অগ্রসরমান অর্থনীতির দেশগুলোকেই নয় বরং পশ্চিমা দেশগুলোকেও জরুরি আর্থিক সহায়তা দিতে প্রস্তুত ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ)। আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ডোমিনিক স্ত্রাউস-কান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন। (আরও তথ্যসহ)
আইএমএফ জানিয়েছে, ১৯৯০ এর দশকে এশিয়ার পুুঁজিবাজারে ধসের পর প্রথমবারের মতো যে কৌশল অবলম্বন করে বিভিন্ন দেশকে সহায়তা দেওয়া হয়েছিল এবারও সেরকম একটি পরিকল্পনা নিয়েছেন তারা।
গত শতকের ত্রিশের দশকের মহামন্দার পর সবচেয়ে বড় চলমান এই আর্থিক সঙ্কট বিশ্বকে দীর্ঘমেয়াদী অর্থনেতিক মন্দার দিকে ঠেলে দিতে পারে বলেও হুঁশিয়ার করে দেয় আইএমএফ।
আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক বলেন, শুধুমাত্র উন্নয়নশীল ও অগ্রসরমান অর্থনীতির দেশগুলোকেই নয় বরং পশ্চিমা দেশগুলোকেও জরুরি আর্থিক সহায়তা দিতে প্রস্তুত তারা। তিনি জানান, ইতোমধ্যেই আইসল্যান্ডে একটি বিশেষ মিশন পাঠিয়েছে আইএমএফ। মারাত্মক ধসের মুখে দেশটির সবচেয়ে বড় ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে দেশটির সরকার।
স্ত্রাউস-কান বলেন, "কেউ বলতে পারে না ... এমনও তো হতে পারে যে, কোনো কোনো অগ্রসর অর্থনীতির দেশেরও আইএমএফ এর সাহায্য প্রয়োজন হতে পারে।"
এক সংবাদ সম্মেলনে স্ত্রাউস-কান বলেন, "আমি গতকালই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য আইএমএফ এর সব ব্যবস্থা ঠিক ঠাক করে ফেলেছি।"
তিনি জানান, "যে সব দেশ সঙ্কটে আছে তাদের যে কোনো চাহিদা মেটানোর জন্য প্রস্তুত আমরা।"
অগ্রসরমান অর্থনীতির দেশগুলোতে বহু বছরের মধ্যে কোনো সঙ্কট না থাকার পর আকস্মিকভাবেই চলমান আর্থিক সঙ্কটের মধ্যে পড়ে যাওয়া সেসব দেশের কোনো সহায়তার প্রয়োজন হলে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সতর্ক অবস্থায় রয়েছে আইএমএফ এর পরিচালনা বোর্ড এর সদস্য দেশগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪২০ ঘ.
bdnews24