মালে, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- মালদ্বীপে বুধবার প্রথমবারের মতো বহুদলের অংশগ্রহণভিত্তিক প্রেসিডেন্ট নির্বাচনে প্রদত্ত ভোটের বেশির ভাগই পেয়েছেন প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম। তবে দ্বিতীয় দফা প্রতিদ্বন্দ্বিতা এড়ানোর জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট তিনি পাননি। ফলে বৃহস্পতিবারের বেসরকারি ফলাফল অনুযায়ী তাকে দ্বিতীয় স্থান অধিকারীর সঙ্গে আবার লড়তে হবে।
নির্বাচন কমিশনার মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, ৮৫ দশমিক ৫ শতাংশ ভোটের মধ্যে প্রেসিডেন্ট গাইয়ুম পেয়েছেন ৪০ দশমিক ৬ শতাংশ ভোট। ২৫ দশমিক ১ শতাংশ পেয়ে ২য় স্থানে রয়েছেন গাইয়ুমের প্রধান প্রতিপক্ষ মোহাম্মদ নাশিদ।
ইব্রাহিম এক বিবৃতিতে বলেন, "ভোটের প্রাথমিক ফলে এই চিত্র পাওয়া গেছে। আনুষ্ঠানিক ফল ঘোষণা হবে রাত সাড়ে এগারোটায়।"
বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় মালদ্বীপে ভোটগ্রহণ শুরু হয় এবং চলে রাত ৮টা পর্যন্ত। বর্তমান প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইউমের ৩০ বছরের শাসনের ওপর গণভোট হিসেবে বিবেচিত হচ্ছে ঐতিহাসিক এ প্রেসিডেন্ট নির্বাচন। এতে গাইয়ুমের বিরুদ্ধে লড়ছেন পাঁচজন।
১৯৬৮ সালে ৩ লাখ জনসংখ্যা অধ্যুষিত মালদ্বীপে সুলতানি শাসনের বিলুপ্তি ঘটে। তবে অতীতে গাইউমের বিরুদ্ধে ব্যক্তিগত সুলতানি শাসকের অভিযোগ ওঠে। এসব অভিযোগ এবং দীর্ঘ বিক্ষোভের পর এ বছর আগস্টে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন আইনে স্বাক্ষর করেন তিনি। তার ফলেই অনুষ্ঠিত হল এ নির্বাচন।
ভোটের দিন রাজধানী মালে ও এর আশেপাশের ভোটকেন্দ্রগুলোতে অনেক লোকের ভিড় দেখা গেছে। প্রবল বৃষ্টি সত্ত্বেও ভোটারদের মধ্যে ভোটদানের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
ভোটদানের পর মোহামেদ মাহফুজ নামের ৩৫ বছর বয়স্ক এক ফ্যাশন ডিজাইনার বলেন, "আমার দেশের জন্য ভোট দিতে পেরে গর্ববোধ করছি। আজ একটা নতুন ধরনের নির্বাচন হচ্ছে এবং আমার বিশ্বাস নির্বাচন সুষ্ঠু হবে।"
নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শ' শ' পুলিশ ও সেনা মোতায়ন করা হয়। সারা দেশের ৩৯৬টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/এলকিউ/ু১৪৫৪ ঘ.
bdnews24