২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছরই পরমাণু বিদ্যুৎ পাবে ইরান

আগামী বছরই নিজেদের উৎপাদিত পরমাণু বিদ্যুৎ পাবে বলে আশা করছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বুধবার বলেছেন, পরমাণু কর্মসূচি 'চূড়ান্ত' পর্যায়ের দিকেই যাচ্ছে এবং পরমাণু কর্মসূচি বন্ধে পশ্চিমা চাপের কাছে ইরান নতি স্বীকার করবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

তেহরান, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগামী বছরই নিজেদের উৎপাদিত পরমাণু বিদ্যুৎ পাবে বলে আশা করছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বুধবার বলেছেন, পরমাণু কর্মসূচি 'চূড়ান্ত' পর্যায়ের দিকেই যাচ্ছে এবং পরমাণু কর্মসূচি বন্ধে পশ্চিমা চাপের কাছে ইরান নতি স্বীকার করবে না। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহের শহরের কাছ থেকে এক টেলিভিশন ভাষণে একথা বলেন ইরানের প্রেসিডেন্ট। এ শহরের কাছেই রাশিয়ার সহায়তায় ইরান তাদের পরিকল্পিত প্রথম পরমাণু জ্বালানি প্রকল্প তৈরি করছে। ধারণা করা হচ্ছে, ইরান আগামী বছর নাগাদ পরমাণু জ্বালানি উৎপাদনে সক্ষম হবে। ভাষণে আহমাদিনেজাদ বলেন, "আপনারা (পশ্চিমারা) ইরানি জাতি পিছু হটবে মনে করলে ভুল করবেন।" বিস্তারিত ব্যাখ্যা না করে আহমাদিনেজাদ আরও বলেন, "পরমাণু কর্মসূচির পথে আমরা 'চূড়ান্ত' পর্যায়ের দিকে যাচ্ছি।" প্রসঙ্গত, আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইরান নিজস্ব পরমাণু জ্বালানি তৈরির জন্য কাজ করে যাচ্ছে। পশ্চিমাদের আশঙ্কা, এ কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে ইরান। অন্যদিকে, তেহরান বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং শুধুই বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পরিচালিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১৭১৭ঘ.