নিউ ইয়র্ক, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের ব্যাপক বিধ্বংসী অস্ত্র থাকার ব্যাপরে বিভ্রান্তি বজায় রেখেছিলেন সাদ্দাম হোসেন কারণ তিনি ভাবতেই পারেননি যুক্তরাষ্ট্র ইরাকে আক্রমণ করে বসবে। এ ব্যাপারে হিাসাবে ভুল ছিল বলে সাদ্দাম স্বীকার করেছিলেন--এ দাবি যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দার।
রোববার আমেরিকার সিবিএস টেলিভিশনে 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে আটক অবস্থায় সাদ্দামকে জিজ্ঞাসাবাদকারী এফবিআই সদস্য জর্জ পাইরো এ কথা বলেন। সাক্ষাৎকারটি বৃহস্পতিবার প্রচার করা হয়।
তিনি দাবি করেন, ২০০৩ এর ডিসেম্বরে জিজ্ঞাসাবাদের সময় সাদ্দাম তাকে এ কথা বলেন।
পাইরো বলেন, ইরানের কাছে ইরাকের একটি শক্তিশালী ভাবমূর্তি বজায় রাখতেই সাদ্দাম এমনটি করেছিলেন বলে জানিয়েছেন তাকে।
তিনি বলেন, "তিনি (সাদ্দাম) আমাকে বলেছেন প্রেসিডেন্ট বুশের অভিসন্ধির ব্যাপারে তিনি হিসাবে ভুল করেছিলেন। তিনি ভেবেছিলেন ১৯৯৮ এর মতো বিমান হামলা চালানো হবে। ওই হামলা ঠেকাতে পেরেছিলেন তিনি।"
সিবিএস এর প্রতিবেদক স্কট পেলি পাইরোকে প্রশ্ন করেন, "সাদ্দাম কি বিশ্বাস করতেন না, যুক্তরাষ্ট্র আক্রমণ করতে পারে?" পাইরো জবাব দেন, "না। অন্তত প্রথমিকভাবে নয়।"
সাদ্দামকে উদ্বৃত করে পাইরো জানান, যুদ্ধ যখন আসন্ন, সে সময় সাদ্দাম তার জেনারেলদের কাছে জানতে চেয়েছিলেন আক্রমণকারীদের দুসপ্তাহ ঠেকানো সম্ভব কী না। "ওই সময়টুকু ঠেকাতে পারলে সাদ্দামের ভাষায় 'গোপন যুদ্ধ' শুরু করা হবে। আটক হওয়ার পর সাদ্দাম যুদ্ধপরবর্তী চোরাগোপ্তা হামলার কৃতিত্ব দাবি করেন।"
পাইরো আরো জানান, সাদ্দামের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র না থাকার বিষয়টি পরিস্কার হওয়ার পরও তিনি এ ব্যপারে বিভ্রান্তি বজায় রাখতে চেয়েছেন। তার ধারনা ছিল এর মাধ্যমে আবার আক্রমণ করা থেকে ইরানকে ঠেকিয়ে রাখা যাবে।
ইরাকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র আছে দাবি করে ২০০৩ সালের মার্চে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরাক আক্রমণ করে। কিন্তু তেমন ধরনের কোনো অস্ত্রই ইরাকে পাওয়া যায়নি। ২০০৬ এর ডিসেম্বরে মানবতা বিরোধী অপরাধ সংঘটনের দায়ে সাদ্দামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জিএনএ/১৩৪৩ ঘ.
bdnews24