২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের নিন্দায় জাতিসংঘ মানবাধিকার পরিষদ

গাজা অবরোধের দায়ে বৃহস্পতিবার ইসরায়েলকে তিরস্কার করেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। তারা অবিলম্বে গাজা সীমান্ত অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 02:16 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

জেনেভা, জানুয়ারি, ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজা অবরোধের দায়ে বৃহস্পতিবার ইসরায়েলকে তিরস্কার করেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। তারা অবিলম্বে গাজা সীমান্ত অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে। ৪৭ টি সদস্যদেশের মানবাধিকার পরিষদ ৩০-১৫ ভোটে ইসরায়েলের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব পাস করেছে। আরব ও মুসলিম দেশগুলো এই প্রস্তাব পেশ করে। এই প্রস্তাবে বলা হয়েছে, গাজা এবং পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলের সেনা অভিযান ফিলিস্তিনি জনগণের মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন। জেনেভোয় জাতিসংঘের ফিলিস্তিনি রাষ্ট্রদূত মোহাম্মদ আবু কাওস বলেন, "গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধপরাধ এবং ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভুখণ্ডের বাস্তবচিত্র তুলে ধরতেই বিশেষ এই জরুরি অধিবেশন আহ্বান করা হয়েছে।" তিনি আরও বলেন, "ইসরায়েলের বিরুদ্ধে আমাদের নিন্দা প্রস্তাব গাজা সীমান্ত অবরোধ তুলে নিতে আন্তর্জাতিক চাপ জোরদার করবে, গাজায় খাবার, জ্বালানি ও ওষুধের মতো মানবিক সাহায্য সরবরাহ আবার চালু হবে, সীমান্ত ক্রসিং খুলে যাবে এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি সেনা অভিযান বন্ধ হবে বলে আমরা আশা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৪ঘ.