২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বার্ড ফ্লু মহামারি আকার ধারণ করতে পারে

ভারতের পশ্চিবঙ্গের সাতটি জেলায় বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, রোগটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 11:08 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

কোলকাতা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- ভারতের পশ্চিবঙ্গের সাতটি জেলায় বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, রোগটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কর্মকর্তারা জানান, মালদা জেলায় মুরগি খামারে বার্ড ফ্লুর এইচ৫এন১ ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে প্রদেশটির মোট ১৯টি জেলার মধ্যে সাতটিতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ল। প্রাদেশিক স্বাস্থ্য সেবা পরিচালক সঞ্চিতা বকশি বলেন, "পদক্ষেপ নিতে দেরি হয়ে গেলে রোগটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।" নেপাল ইতিমধ্যে ভারতে থেকে পোল্ট্রি আমদানি বন্ধ করে দিয়েছে। তাছাড়া বাংলাদেশের নাটোর জেলায় বার্ড ফ্লু ধরা পড়ার পর হাজার হাজার মুরগি পুড়িয়ে ফেলা হয়েছে। পশ্চিম বঙ্গের যে সাতটি জেলায় বার্ড ফ্লু সনাক্ত করা হয়েছে সেখানে প্রায় দু'কোটি ৪০ লাখ মানুষের বাস। কর্মকর্তারা আশঙ্কা করছেন, বার্ড ফ্লু ভাইরাস মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। পরীক্ষার জন্য গ্রামবাসীদের মধ্য থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে। 'পুনে ন্যাশনাল ইন্সস্টিটিউট অব ভাইরোলজি'র এ সি মিশ্র বলেন, "সংক্রমণ ঠেকাতে আমরা সব ধরনের পদক্ষেপই নিয়েছি। মানুষের রক্ত ও কফ পরীক্ষা করা হচ্ছে। তবে স্বস্তির বিষয় এখনো কেউ সংক্রামিত হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৬৫০ ঘ.