লন্ডন, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আততায়ীর হাতে নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, রাজনীতিতে তিনি মায়ের পথই অনুসরণ করবেন। তবে তার আগে পড়াশুনা শেষ করতে চান। এ সময় পর্যন্ত তাকে নিভৃতে থাকতে দিতে তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
লন্ডনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিলাওয়াল জানান, পড়শুনাকেই তিনি প্রধান গুরুত্ব দিচ্ছেন এবং দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি এখনও প্রস্তুত নন।
গত ২৭ ডিসেম্বর আত্মঘাতী হামলায় পাকিস্তান পিপলস্ পার্টি (পিপিপি) নেত্রী বেনজির নিহত হন। এরপর পিপিপি বেনজিরের ১৯ বছর বয়স্ক একমাত্র ছেলে বিলাওয়ালকে দলের চেয়ারম্যান মনোনিত করে। বেনাজিরের স্বামী আসিফ আলী জারদারি মনোনিত হন দলের কো-চেয়ারম্যান।
পড়াশুনা শেষেই পিপিপির নেতৃত্ব দেবেন কিনা জানতে চাইলে অক্সফোর্ডের ছাত্র বিলাওয়াল বলেন, "এখনও পর্যন্ত আমার ইচ্ছা সেটাই। তবে পরিস্থিতি পরিবর্তন হতে পারে। তারপরও আমি চাই পড়াশুনা শেষ করতে।"
১৯ বছরের তরুণ কিভাবে একটি দলের নেতৃত্ব দেবে জানতে চাইলে তিনি বলেন, "আমি বলছি না যে আমার উচ্চাকাঙ্খা আছে। আমাকে ডেকে নিয়ে দলের দায়িত্ব দেওয়া হয়েছে।"
তবে তিনি আরও বলেন, "রাজনীতি আমার রক্তে মিশে আছে। যদিও আমার অভিজ্ঞতা খুবই সামান্য, কিন্তু আমি শেখার চেষ্টা করব।" ধীরে-সুস্থে এবং ভেবে-চিন্তে তিনি দলে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে জানান।
আগামী ১৮ ফেব্র"য়ারির নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে পিপিপি। দলের কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারিই এখন দলের নেতৃত্ব দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত প্রায় ২৫ জন টেলিভিশন ক্র, ফটো সাংবাদিক ও সাংবাদিকদের বিলাওয়াল বলেন, "পাকিস্তান জ্বলছে। এই মুহুর্তে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে।"
তিনি জানান, আততায়ীর হাতে মায়ের মৃত্যু তাকে রাজনীতি থেকে বিরত রাখতে পারবে না। বরং এতে করে তিনি আরও বেশি সচেষ্ট হবেন।
তবে জীবনের ভয় পান কিনা জানতে চাইলে তিনি বলেন, "বরং আমার ভয় ব্যক্তিগত গোপনীয়তা থাকবে না।"
তাকে এবং তার বোনদের নিজেদের মত থাকতে দেওয়ার জন্য তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। তার দুই বোন দুবাইতে পড়াশুনা করছে।
রাজনৈতিক বিভিন্ন প্রশ্নের উত্তর বিলাওয়াল বেশ সাবলিলভাবে দেন। যুক্তরাষ্ট্রের প্রতি খোঁচা দিয়ে তিনি বলেন, "আমি মনে করি একনায়তন্ত্রই সন্ত্রাসবাদের জন্ম দেয়। যুক্তরাষ্ট্র যদি একনায়কদের মদদ দেওয়া বন্ধ করে তাহলে আমরা সফলভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করতে পারব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩১৯ ঘ.
bdnews24