তেহরান, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রোববার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।
মুখপাত্র মোহাম্মদ আলী হোসেইনি বলেন, "মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের একের পর সফরই বলে দিচ্ছে তারা এই অঞ্চলে ব্যর্থ হয়েছে।" মধ্যপ্রাচ্য সফরের সময় বুশ ইরানকে নিয়ন্ত্রণে রাখতে মিত্রদের চাপ দেবেন বলে জানানোর একদিন পর ইরান এই বক্তব্যের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানাল।
গত শনিবার সাপ্তাহিক রেডিও ভাষণে বুশ বলেন, "ইরানের আগ্রাসী লক্ষ্য নিয়ন্ত্রের গুরুত্ব নিয়ে সফরের সময় আমি মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করব। এছাড়া ওই অঞ্চলে মিত্রদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আমেরিকার প্রতিশ্র"তির বিষয়েও আমি তাদের নিশ্চয়তা দেব।"
আলী হোসাইনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তবে ইরানের প্রতিবেশীদের সঙ্গে মার্কিনিরা কখনই সম্পর্ক জোরদার করতে পারেনি বলে তিনি জানান।
পরমাণু প্রকল্প নিয়ে ওই অঞ্চলে ইরানকে একঘরে করে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অভিযোগ ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ।
আলী হোসেইনি বলেন, "ইরানকে একঘরে করার ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্র কখনোই সফল হবে না। বরং প্রতিবেশী বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার হচ্ছে।"
মধ্যপ্রাচ্য শান্তির রোডম্যাপ বাস্তাবায়নের উদ্দেশ্যে আগামী সপ্তাহে ইসরায়েল ও ফিলিস্তিন এলাকাসহ কুয়েত, মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বুশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৫০ ঘ.
bdnews24