২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্থ হয়ে উঠছেন সুহার্তো

ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তো সুস্থ হয়ে উঠছেন। শুক্রবার গুরুতর অসুস্থ হয়ে তিনি রাজধানী জাকার্তার পার্তামিনা হাসপাতালে ভর্তি হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 10:43 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

জাকার্তা, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তো সুস্থ হয়ে উঠছেন। শুক্রবার গুরুতর অসুস্থ হয়ে তিনি রাজধানী জাকার্তার পার্তামিনা হাসপাতালে ভর্তি হন। রোববার হাসপাতাল এবং চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, সুহার্তোর শারীরিক অবস্থা উন্নতির কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তবে তাকে নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। ৮৬ বছর বয়সী সুহার্তোর রক্তস্বল্পতা এবং নিম্ন-রক্তচাপজনিত সমস্যা দেখা দিলে শুক্রবার তাকে জাকার্তার পার্তামিনা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তার অবস্থা আরও অবনতি হলে হেমোডায়ালাইসিসের মাধ্যমে তার শরীরের অতিরিক্ত তরল পদার্থ বের করা হয়। রোববার এক সংবাদ সম্মেলনে পার্তামিনা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডিজোকো সানজোতো বলেন, "সুহার্তোর অবস্থার উন্নতির কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে। তবে তিনি এখনও দুর্বল।" তিনি বলেন, "হৃদপিণ্ড এবং ফুসফুসের অবস্থার উন্নতি হয়েছে। পুরো শরীরে থাকা, বিশেষ করে ফুসফুসের অতিরিক্ত তরল কমতে শুরু করেছে।" তবে কতদিন পর্যন্ত সুহার্তোকে হাসপাতালে থাকতে হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। সংবাদ সম্মেলনে সুহার্তোর চিকিৎসা দলের সমন্বয়ক ডিজোকো রাহারডজো বলেন, "তাকে কতদিন হাসপাতালে থাকতে হবে সে সম্পর্কে আামরা কোনো ভবিষ্যদ্বাণী করতে পারছি না। কারণ, আমরা এখনও তাকে ঘণ্টায় ঘণ্টায় পর্যবেক্ষণ করছি।" শুক্রবারের আগেও বিভিন্ন শারীরিক সমস্যার কারণে সাবেক জেনারেল সুহার্তোকে বেশ কয়েকবার হাসপাতালের চিকিৎসা নিতে হয়েছে। তবে এর আগে যখন সুহার্তোকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখনকার চেয়ে তার এবারের অবস্থা ছিল বেশি খারাপ। হাসপাতালে সুহার্তোকে সঙ্গ দিচ্ছেন তার পরিবারের সদস্যরা। প্রসঙ্গত, ১৯৬৫ সালে এক সেনা অভুত্থানের মাধ্যমে বিশ্বের চতুর্থ জনবহুল দেশ ইন্দোনেশিয়ার ক্ষমতায় আসেন সুহার্তো। সেই থেকে টানা ৩২ বছরের শাসন শেষে ১৯৯৮ সালে গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৩৫ ঘ.