তিবিলিসি, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জর্জিয়ায় আগাম প্রেসিডেন্ট নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে প্রশংসা করেছেন পশ্চিমা পর্যবেক্ষকরা। ওদিকে, নির্বাচনে জালিয়াতির অভিযোগে বিক্ষোভে নামতে অঙ্গীকারাবদ্ধ বিরোধীদলকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
জর্জিয়ার নেতা সাকাশভিলি নির্বাচনে ভোট ডাকাতি করেছেন অভিযোগে বিরোধীদলের প্রায় ৫ হাজার নেতা-কর্মী তুষারের কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে রোববার বিক্ষোভের প্রস্তুতি নেয়। কিন্তু অরগানাইজেশন ফর সিকিউরিটি এণ্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই)-এর পর্যবেক্ষকরা বলেছেন, "ভোট গণতান্ত্রিক মানদণ্ড অনুযায়ীই অনুষ্ঠিত হয়েছে।" তবে কিছু ত্র"টিবিচ্যুতি আছে বলেও তারা মত প্রকাশ করেন।
জর্জিয়ায় শনিবার অনুষ্ঠিত আগাম প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলি বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। রোববার প্রকাশিত আংশিক নির্বাচনী ফলে একথা জানা গেছে।
রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বমোট ৩,৫১২টি ভোট কেন্দ্রের মধ্যকার ১০৫টি কেন্দ্রের গণনা সম্পন্ন হয়েছে। এতে দেখা গেছে, সাকাশভিলি পেয়েছেন ৬১ শতাংশর কিছু বেশি ভোট। অন্যদিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী নয়দলীয় জোটের প্রধান লেভান গ্যাচেচিলেদজ পেয়েছেন মাত্র ২১ শতাংশ ভোট।
এছাড়া, বুথফেরত এক সমীক্ষায় দেখা গেছে, মার্কিনপন্থি সাকাশভিলি অর্ধেকের বেশি ভোট পেয়েছেন।
পাশ্চিমা পর্যবেক্ষকরা এ নির্বাচনের নিরপেক্ষতা পর্যবেক্ষণ করছেন।
২০০৩ সালে শান্তিপূর্ণ তথাকথিত "অরেঞ্জ রেভল্যুশন" এর মাধ্যমে জর্জিয়ার ক্ষমতায় আসেন সাকাশভিলি। কিন্তু গত নভেম্বর মাসে রাজপথে সরকারবিরোধী বিক্ষোভ কঠোর হাতে দমনের বিষয়ে তার ওপর ক্ষুব্ধ হয়েছিলেন পশ্চিমা মিত্ররা।
সাকাশভিলি তার উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন, "বুথফেরত সমীক্ষা এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা জয়ী হয়েছি। অবশ্য, একটি গণতান্ত্রিক দল হিসাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।"
রাজধানী তিবিলিসিজুড়ে সাকাশভিলির সমর্থকদের উল্লাস করতে দেখা গেছে।
কিন্তু বিরোধীদলীয় নেতারা বলছেন, নির্বাচনে জালিয়াতি হয়েছে। একইসঙ্গে তারা রোববার মধ্য তিবিলিসে একটি সমাবেশের ডাক দিয়েছেন।
রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রোববার সকালে তিবিলিসি শহরে জলকামান নিয়ে নিরাপত্তারক্ষীদের টহল দিতে দেখা যাচ্ছে।
বিরোধীদলীয় নেতা গ্যাচেচিলেদজ শনিবার সাংবাদিকদের বলেন, "সাকাশভিলি মিথ্যা বলছেন। বুথফেরত জরিপকে অসত্যভাবে উপস্থাপন করা হয়েছে।"
তিনি বলেন, বিরোধীদল শনিবারের নির্বাচনী বিজয়ী হয়েছে। একইসঙ্গে তিনি রোববারের সমাবেশে যোগদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
নির্বাচনের চূড়ান্ত সরকারি ফলাফল স্থানীয় সময় রোববার সন্ধ্যার আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা কম। পশ্চিমাদের প্রধান পর্যবেক্ষকদেরও নির্বাচনের বিষয়ে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে রোববার।
এদিকে, রোববারই অঞ্চলটিতে নিযুক্ত ওয়াশিংটনের শীর্ষ দূত উপ-সহকারি পররাষ্ট্রমন্ত্রী ম্যাথিউ ব্রাইজা জর্জিয়াবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
ওয়াশিংটন থেকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাইজা বলেন, "আমি আশা করছি, যা-ই ঘটুক না কেন সেখানে কোনো শক্তি প্রয়োগ হবে না। দেশের নিরাপত্তা রক্ষায় সরকারের অবশ্যই দায়-দায়িত্ব রয়েছে। তবে বিক্ষোভকারীদেরও অধিকার রয়েছে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৩০ ঘ.
bdnews24