২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু ইস্যুতে উত্তর কোরিয়ার নতুন হুমকি

ছয়জাতি চুক্তি অনুযায়ী পরমাণু নিরস্ত্রীকরণ এবং অস্ত্রকর্মসূচির বিশদ বিবরণ ও পরমাণু সরঞ্জামাদির একটি পূর্ণাঙ্গ তালিকা হস্তান্তরে ২০০৭ সালের সময়সীমা পেরিয়ে গেলেও উত্তর কোরিয়া কথা রাখেনি। বরং ওই সময়সীমা পেরোনোর পর নতুন করে অস্ত্রভাণ্ডার বাড়ানোর হুমকি দিয়েছে পিয়ংইয়ং। ওদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র বলেছে, এ ইস্যুতে আলোচনার জন্য এ সপ্তাহেই উত্তর কোরিয়ায় দূত পাঠাচ্ছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 11:10 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

সউল, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ছয়জাতি চুক্তি অনুযায়ী পরমাণু নিরস্ত্রীকরণ এবং অস্ত্রকর্মসূচির বিশদ বিবরণ ও পরমাণু সরঞ্জামাদির একটি পূর্ণাঙ্গ তালিকা হস্তান্তরে ২০০৭ সালের সময়সীমা পেরিয়ে গেলেও উত্তর কোরিয়া কথা রাখেনি। বরং ওই সময়সীমা পেরোনোর পর নতুন করে অস্ত্রভাণ্ডার বাড়ানোর হুমকি দিয়েছে পিয়ংইয়ং। ওদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র বলেছে, এ ইস্যুতে আলোচনার জন্য এ সপ্তাহেই উত্তর কোরিয়ায় দূত পাঠাচ্ছেন তারা। উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টির প্রত্রিকা রদং সিনমুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, " পরমাণু যুদ্ধ বাধানোর মার্কিনিদের পদক্ষেপের জবাবে নিজেদের যুদ্ধ সক্ষমতা বাড়াতে আবারও ব্যবস্থা নেব আমরা।" পরমাণু অস্ত্র তৈরীর লক্ষ্যে উত্তর কোরিয়া গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে - যুক্তরাষ্ট্রের এমন সন্দেহ দূর করতে উত্তর কোরিয়াকে তার অস্ত্র কর্মসূচির একটি বিশদ বিবরণ হস্তান্তরের দাবি জানানো হয় ছয়জাতি চুক্তির আওতায়। ২০০৭ সালের মধ্যেই ওই তালিকা বা বিবরণ হস্তান্তরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল পিয়ংইয়ংকে। ওদিকে, ছয়জাতি চুক্তি অনুযায়ী, তাদের প্রাপ্য সাহায্য সহযোগিতা দেওয়ার ক্ষেত্রেও ঠিকমতো সময়সীমা মেনে চলা হচ্ছে না বিধায় তারাও পরমাণু নিরস্ত্রীকরণের কাজে ঢিমে তালে এগোচ্ছে বলে মত প্রকাশ করা হয়েছে উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যমে। তবে যুক্তরাষ্ট্র,জাপান,চীন, রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পাদিত ওই ছয়জাতি চুক্তির অন্য একটি অংশ মেনে ঠিকঠাকভাবেই একটি পরমাণু স্থাপনা নিষ্ক্রিয়করণের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। চুক্তি মেনে চললে সংশ্লিষ্ট দেশগুলোর কাছ থেকে প্রায় ১০ লাখ টন ভারী জ্বালানি তেল কিংবা তার সমমূল্যের অন্য সাহায্য পাওয়ার কথা উত্তর কোরিয়ার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরমাণু ইস্যুর অগগ্রগতি এবং বর্তমান পরিস্থিতি আলোচনায় এ সপ্তাহেই উত্তর কোরিয়ায় পাঠানো হচ্ছে ছয়জাতি আলোচনায় শীর্ষ মার্কিন দূত ক্রিস্টোফার হিলকে। একইসময়ে তিনি রাশিয়া সফর করবেন বলেও জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭০১ ঘ.