রামাল্লাহ, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগাম নির্বাচনে রাজি হওয়া এবং গাজার দখল ছেড়ে ফাতাহ'র সঙ্গে সংহতি আলোচনা শুরু করে নতুন পথে এগিয়ে যেতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফাতাহ'র প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে পশ্চিম তীরে এক বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।
আব্বাসের এই আহ্বানের কিছুক্ষণ পরেই গাজায় হামাস ও ফাতাহ'র মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে আছে ফাতাহ'র দুই সমর্থক, হামাসের এক নিরাপত্তা কর্মী ও তাদের দুই সমর্থক।
আগাম নির্বাচনে রাজি হতে হামাসের প্রতি আহ্বান জানিয়ে আব্বাস বলেন, হামাসের সম্মতির ভিত্তিতেই নির্বাচন হওয়া উচিৎ।
আব্বাস বলেন, "আগাম নির্বাচনের বিষয়টি আমি আবারও তুলছি এবং হামাস ও ফাতাহসহ ফিলিস্তিনের সব দলকেই এ বিষটি বিবেচনার আহ্বান জানাচ্ছি। তারা চাইলে সম্মত হতে পারে অথবা প্রত্যাখান ও করতে পারে। তবে এ নিয়ে তাড়াহুড়ার কিছু নেই।"
গত জুনে ফিলিস্তিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষের মধ্য দিয়ে হামাস গাজার দখল নিয়ে নেয়। এরপর থেকে তারা ওই এলাকা নিয়ন্ত্রণ করছে।
হামাস গাজার দখল নিয়ে নেওয়ার পর আব্বাস আগাম নির্বাচনের কথা বলেছিলেন। কিন্তু তার পর থেকে গত কয়েক মাস আর এ ব্যাপারে উচ্চবাচ্চ করেন নি।
২০০৬ সালে ফিলিস্তিন পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হামাস ২০১০ সালের আগে নির্বাচনের সম্ভাবনা নাকচ করে জানিয়েছে এটি অসাংবিধানিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২০ ঘ.
bdnews24