ইয়াঙ্গুন, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- মিয়ানমারে সামরিক জান্তা বিরোধী যাবৎকালের বৃহত্তম বিক্ষোভে সোমবার ইয়াঙ্গুনের রাজপথে নেমে এসেছেন কমপক্ষে দশ হাজার ভিক্ষু। সামরিক জান্তার পতন না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে ছয়দিন আগে শুরু হওয়া এ বিক্ষোভে ধীরে ধীরে শামিল হচ্ছেন আরও শত শত মানুষ।
ভিক্ষুদের মিছিলের দুপাশে হাতে হাত রেখে তাদের পাশে হেঁেট বিক্ষোভে সমর্থন দিচ্ছেন সাধারণ মানুষ। নারী ভিক্ষুরা মিছিলে যোগ দেওয়ার পর এখন ভিক্ষুদের বিক্ষোভে প্রকাশ্য সমর্থন দিয়ে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন দেশটির সাংস্কৃতিক জগতের তারকারাও।
মিয়ানমারের পবিত্রতম তীর্থ হিসেবে বিবেচিত ইয়াঙ্গুনের 'শোয়েডাগন প্যাগোডায়' জড়ো হয়ে সমবেত প্রার্থনা শেষে রাজপথে নেমে পদযাত্রা শুরু করেন মেরুন রঙের বস্ত্রধারী কয়েক হাজার ভিক্ষু।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ভিক্ষুদের অনেকের হাতে ছিল জীবনমান উন্নয়ন এবং জাতীয় সংহতির শ্লোগান লেখা প্ল্যাকার্ড।
এদিকে দেশটির জনপ্রিয় তারকারা ভিক্ষুদের এ বিক্ষোভের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে বিক্ষোভে যোগ দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
তুন ইন্দ্রা বো সহ অনেক বিখ্যাত মঞ্চ, টিভি ও সঙ্গীত তারকা তাদের সমর্থন জানিয়েছেন। তুন ইন্দ্রা বো মিয়ানমারের অ্যাঞ্জেলিনা জোলি হিসেবে পরিচিত। ভিক্ষুদের আন্দোলনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার লক্ষ্যে "শঙ্খ সহায়তা পরিষদ" নামে একটি জোট গড়ে তুলেছেন জনপ্রিয় এ তারকা।
গত এক সপ্তাহ ধরে বৌদ্ধ ভিক্ষুরা মিয়ানমারের বিভিন্ন শহরে নিয়মিত সমাবেশ ও মিছিল করছে। এছাড়া সামরিক জান্তার সদস্য ও তাদের সহযোগীদের বিরুদ্ধে তাদের বয়কট আন্দোলনও চলছে একই সঙ্গে।
কয়েক সপ্তাহ আগে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুরা আন্দোলন শুরু করলে পাকাক্কু শহরে সেনাবাহিনী তাদের ওপর লাঠিচার্জ ও গুলি করে। ওই ঘটনার জন্য দায়ীদের ক্ষমা চাওয়ার জন্য ভিক্ষুরা এক সপ্তাহ সময় বেঁধে দেয়। কিন্তু কেউ ক্ষমা না চাওয়ায় গত মঙ্গলবার থেকে ভিক্ষুরা বয়কট আন্দোলন শুরু করে।
মিয়ানমারের নির্বাসিত ও প্রবাসী গ্র"পগুলো বলেছে সাংস্কৃতিক জগতের এ তারকাদের বিক্ষোভে সমর্থন জানানোটা খুবই তাৎপর্যপূর্ণ ভুমিকা রাখবে। বার্মিজ ভাষার বিদেশী রেডিওকে দেওয়া সাক্ষাতকারে ওইসব তারাকারা জানিয়েছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলনের সঙ্গে থাকবেন তারা।
এর আগে রোববার প্রথমবারের মত নারী ভিক্ষুরা এ বিক্ষোভে যোগ দেন। তবে রোববার ভিক্ষুদের মিছিল নিয়ে বিরোধী নেত্রী অং সান সু চির বাড়ির দিকে যেতে দেওয়া হয়নি। রোববার শোয়েডাগন প্যাগোডায় প্রার্থনা করতে সমবেত হওয়া দুই হাজারেরও বেশি পুরুষ ভিক্ষুর সঙ্গে যোগ দেন প্রায় একশ নারী ভিক্ষু।
তবে ভিক্ষু ও সাধারণ জনগণের মিছিল ছিল শান্তিপূর্ণ। কখনো কখনো মিছিল থেকে সরকার বিরোধী শ্লোগান দেওয়া হলেও এতে কোনো উত্তেজনা ছিল না।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশাল মিছিলে কোথাও বাধা দেয়নি। সড়কে কোথাও পুলিশ বা সেনা সদস্যদের টহল দিতেও দেখা যায়নি।
ভিক্ষুদের সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে সু চির বাড়ির রাস্তাটি বন্ধ থাকলেও শনিবার ভিক্ষুরা মিছিল নিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়নি। ওই দিন সু চি বাড়ি থেকে বের হয়ে এসে মিছিলকারীদের অভিনন্দন জানান। এর মধ্য দিয়ে সু চি ২০০৩ সালের পর প্রথম জনসমক্ষে আসেন।
সু চি গত ২০০৩ সালের মে মাস থেকে গৃহবন্দী আছেন। গত ১৮ বছরের মধ্যে প্রায় ১১ বছরই বন্দী জীবন কাটিয়েছেন তিনি।
এদিকে, মিয়ানমারে চলমান সরকার বিরোধী আন্দোলনের জন্য সামরিক সরকারের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বিক্ষোভকারীদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, "মিয়ানমারের মানুষের আরো ভালভাবে বাঁচার অধিকার আছে। অন্যদের মতো তাদেরও অধিকার আছে স্বাধীনতা ভোগ করার।"
তিনি আরো বলেন, "মিয়ানমার শাসকগোষ্ঠীর বর্বরতার কথা সবাই জানে। তাই এ বিষয় নিয়ে আমরা কথা বলে যাব। আর প্রেসিডেন্ট বুশও অবশ্যই এ নিয়ে কথা বলবেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এসকে/১৪৪৫ ঘ.
bdnews24