২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মুশাররফ-বিরোধীদের ব্যাপক ধরপাকড় চলছে

পাকিস্তানে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পুননির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রতিবাদ-বিক্ষোভ দমনে বিরোধী রাজনীতিবিদদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে সরকার। শনিবার রাতে রাজধানী ইসলামাবাদ থেকে আটক রাজনীতিকদের মধ্যে নওয়াজের দলের চেয়ারম্যান ইসলামপন্থীদের কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাও রয়েছেন। আগামী ৬ অক্টোবর মুশাররফের পুননির্বাচন পরিকল্পনা ঠেকাতে ইতিমধ্যেই পার্লামেন্ট থেকে একযোগে পদত্যাগের ঘোষণাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী দলগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 11:09 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পুননির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রতিবাদ-বিক্ষোভ দমনে বিরোধী রাজনীতিবিদদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে সরকার। শনিবার রাতে রাজধানী ইসলামাবাদ থেকে আটক রাজনীতিকদের মধ্যে নওয়াজের দলের চেয়ারম্যান ইসলামপন্থীদের কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাও রয়েছেন। আগামী ৬ অক্টোবর মুশাররফের পুননির্বাচন পরিকল্পনা ঠেকাতে ইতিমধ্যেই পার্লামেন্ট থেকে একযোগে পদত্যাগের ঘোষণাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী দলগুলো। শনিবার রাতে ইসলামাবাদ থেকে গ্রেপ্তারকৃতদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এবং ইসলামপন্থী দলের জোট 'মুত্তাহিদা মজলিশ -ই - আমল' (এমএমএ) এর বেশ ক'জন শীর্ষ নেতা রয়েছেন। ইসলামাবাদের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ আলি রয়টার্সকে বলেন,"বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিহত করার পদক্ষেপ হিসেবে ১৪ জনকে গ্রেপ্তার করেছি আমরা। তারা ইতোমধ্যেই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন এবং আমরা আশঙ্কা করছি সামনের দিনগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন তারা।" রোববার আরও অনেককে গ্রেপ্তার করা হতে পারে বলেও জানিয়েছেন ওই সরকারি কর্মকর্তা। নওয়াজ এর দল পিএমএল-এন এর আটক নেতাদের মধ্যে চেয়ারম্যান রাজা জাফর-উল-হক এবং তেজস্বী নেতা জাভেদ হাশমী রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ইসলামপন্থী জোটের কেন্দ্রীয় নেতা হুসেইন আহমেদও রয়েছেন আটক ওই ১৪ জনের মধ্যে। পিএমএল-এন মুখপাত্র ইহসান ইকবাল বলেছেন, সরকারের এ পদক্ষেপ 'কাপুরুষোচিত'। ২৯ সেপ্টেম্বরে মুশাররফের মনোনয়নপত্র গ্রহণ করা হলে বিরোধী দলগুলোর একযোগে পদত্যাগের ঘোষণায় ভয় পেয়ে সরকার এটা করছে এবং এভাবে ভীতি সঞ্চার করে আন্দোলন ঠেকাতে চাইছে। ইকবাল বলেন,"এতে আমাদের সাহস আরও বাড়লো এবং আবারও প্রমাণিত হল যে এখানে কোনও গণতন্ত্রই নেই" মুশাররফের পুননির্বাচন ঠেকাতে ঘোষণা অনুযায়ী সব বিরোধীদল একযোগে 'জাতীয় পরিষদ' এবং 'প্রাদেশিক পরিষদ' থেকে পদত্যাগ করলে নির্বাচনে বিজয়ী হলেও এ নির্বাচনের বৈধতা নিয়ে সংকটে পড়বেন মুশাররফ। এদিকে, এক সাবেক প্রধানমন্ত্রী বেনজিরের দল পদত্যাগ না করলেও ভোটদানে বিরত থাকতে পারে বলে জানা গেছে। অন্যদিকে, সুপ্রিম কোর্ট এ সপ্তাহে মুশাররফের পুননির্বাচনী পরিকল্পনা বিষয়ে রায় দিতে পারে বলে আশা করা হচ্ছে। তবে আদালতের রায়ে নির্বাচন ঠেকিয়ে দেওয়া হলে মুশাররফ জাতীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙ্গে দিয়ে জরুরি অবস্থা জারি করতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৪৫ ঘ.