লিমা, পেরু, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিচারের মুখোমুখি করতে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরিকে শনিবার পেরুতে ফিরিয়ে এনেছে দেশটির সরকার। শনিবার দুপুরের দিকে চিলি সরকার তাকে পেরু কতর্ৃৃপক্ষের কাছে হস্তান্তর করে। চিলির রাজধানী সান্তিয়াগো থেকে কড়া নিরাপত্তার মধ্যে পুলিশের একটি বিশেষ বিমানে করে প্রথমে লিমার এক বিমান বাহিনী ঘাঁটিতে আনা ফুজিমোরিকে। সেখান থেকে তাকে পুলিশের বিশেষ নিরাপত্তা হেফাজতে নিয়ে রাখা হয়েছে। মানবাধিকার লঙ্ঘন ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে ৩০ বছরের কারাদণ্ড হতে পারে তার।
এদিকে সাত বছর পর সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি স্বদেশে ফিরে আসায় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভীড় জমায় তার সমর্থকরা। ফুজিমোরির সমর্থকরা আশা প্রকাশ করেছেন যে তিনি সুবিচার পাবেন এবং আবার দেশটির রাজনীতিতে ফিরে আসবেত পারবেন।
ফুজিমোরির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তার পরিবারের সদস্য এবং সমর্থকরা। তার মেয়ে, দেশটির কংগ্রেস সদস্য কেইকো ফুজিমোরি সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার পেরুর অনুরোধে চিলির সুপ্রিম কোর্ট ফুজিমোরির এই হস্তান্তরের নির্দেশ দেয়। পেরুতে নব্বই দশকের শুরুতে মাওবাদী 'শাইনিং পাথ' গেরিলাদের দমনে দুটি বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোসহ ব্যাপক দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত তিনি।
ফুজিমোরি ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পেরু শাসন করেন। ২০০০ সালে তার সরকার পতনের পর পাঁচবছর জাপানে নির্বাসিত জীবন কাটান তিনি। পুনরায় দেশে ফিরে ২০০৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছাপোষণ করলেও তার সে স্বপ্ন পূরণ হয়নি।
দেশে ফেরার পথে ২০০৫ সালের নভেম্বরে চিলিতে পৌঁছানোর পরপরই তাকে গ্রেপ্তার করে দেশটির সরকার। পেরু সরকারের আবেদনের প্রেক্ষিতে একটি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানায় তাকে আটক করা হয়। তখন থেকেই চিলিতে আটক ছিলেন ৬৯ বছর বয়সী ফুজিমোরি।
এর আগে শুক্রবার চিলির সুপ্রিম কোর্ট জানায়, ফুজিমোরিকে বিচারের আওতায় আনতে পেরুর সরকারি কৌসুলিরা যে ১৩ দফা দাবি জানিয়েছিলেন চিলির আদালত তার মধ্যে সাত দফা মেনে নিয়েছে।
চিলির সুপ্রিম কোর্ট বেঞ্চের সভাপতি আলবার্তো চেইগনু জানান, মানবাধিকার লঙ্ঘনের দুটি সবচেয়ে বিতর্কিত মামলায় আদালত সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে আর কোনো আবেদন করা যাবে না।
২০০০ সালে বড় ধরনের দুর্নীতির অভিযোগে তার সরকারের পতনের পর জাপানে নির্বাসনে চলে যান ফুজিমোরি। প্রায় এক কোটি ৫০ লাখ মার্কিন ডলার আত্মসাৎ ও মাওবাদী বিদ্রোহীদের দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগে ফুজিমোরির বিচার করার চেষ্টা করছেন পেরুর আইনজীবীরা।
নব্বই দশকের শুরুতে মাওবাদী 'শাইনিং পাথ' বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের সময় দুটি গণহত্যার অভিযোগ আছে তার বিরুদ্ধে। ওই গণহত্যা দুটিতে ছাত্ররাসহ এক অধ্যাপক এবং এক শিশুও নিহত হয়। 'বারিয়স আলতোস' ও 'লা ক্যানতুলা' নামে পরিচিত ওই হত্যাযজ্ঞে মোট ২৫ জনের প্রাণহানি ঘটে।
যদিও পেরুর কিছু মানুষ এখনো শাইনিং পাথ এর শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও তাদের বিদ্রোহ দমনে সফলতার জন্য ফুজিমোরির প্রশংসা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৩০ ঘ.
bdnews24