ইয়াঙ্গুন, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বৌদ্ধ ভিক্ষুদের চলমান প্রতিবাদ-বিক্ষোভে উদ্বেগ-উৎকণ্ঠায় আছে মিয়ানমার জান্তা সরকার । দেশটির বিভিন্ন শহরে ভিক্ষুদের পদযাত্রা প্রতিদিনকার নিয়মিত দৃশ্য হয়ে উঠেছে। বৃহস্পতিবার ইয়াঙ্গুনে প্রায় পাঁচশ' ভিক্ষু সাবেক বার্মাার পবিত্রতম স্থান শেডাগং প্যাগোডায় প্রতিবাদী প্রার্থনা করেছেন। এর মধ্য দিয়েই চলছে তাদের সামরিক জান্তা সদস্য ও এর সহযোগীদের বয়কট আন্দোলন।
শেডাগং প্যাগোডা দুদিন তালাবদ্ধ রাখার পর বৃহস্পতিবার খুলে দেওয়া হয়। এ সময় প্রায় পাঁচশ' ভিক্ষু ধর্মীয় শ্লোগান দিতে দিতে প্যাগোডার ভেতরে প্রবেশ করেন। সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা তাদের অনুসরণ করেন। ভিক্ষুরা ভেতরে ঢুকে প্রার্থনা করেন।
এর আগে প্যাগোডায় আসার পথে ভিক্ষুদের পদযাত্রায় অংশ নেন কয়েকশ সাধারণ জনগণ। ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের কাছে পুলিশ তাদের বাধা দেয়। এছাড়া মিয়ানমারের গণতন্ত্রের মানসকন্যা ওয়াং সান সু কি'র বাড়ির পাশের নিরাপত্তা এ সময় জোরদার করা হয়।
গত কয়েক সপ্তাহ আগে জ্বালনির দাম বৃদ্ধির প্রতিবাদে পাকোক্কু শহরে আন্দোলনরত ভিক্ষুদের ওপর পুলিশ লাঠিচার্জ ও গুলি করে। এর পর থেকে ভিক্ষুদের আন্দোলন আরো জোরদার হয়।
গত এক সপ্তাহ আগে ভিক্ষুরা ঘোষণা দেন ওই ঘটনার জন্য দায়ী ব্যক্তিরা ক্ষমা না চাইলে তারা সামরিক সরকারের কোনো সদস্য ও তাদের সহযোগীদের ভিক্ষা গ্রহণ করবেন না । শেষ পর্যন্ত কেউ ক্ষমা না চাওয়ায় ভিক্ষুরা গত সোমবার থেকে সরকারি কর্মকর্তদের বিরুদ্ধে বয়কট আন্দোলন শুরু করেন।
বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারে ভিক্ষুদের এই ধর্মীয় বয়কট আন্দোলনকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। বৌদ্ধ ধর্মবিশ্বাস অনুযায়ী, যদি ভিক্ষুরা কোনো বৌদ্ধের কাছে থেকে ভিক্ষা গ্রহণ না করেন তাহলে তার পক্ষে নির্বাণ লাভ করা সম্ভব নয়। তার পুনর্জন্ম হবে।
রজনৈতিক দিক দিয়ে দেশটিতে বৌদ্ধ ভিক্ষুদের বেশ প্রভাব। কয়েক দশকের সামরিক সাশনের বিরুদ্ধে ১৯৮৮ সালের গণজাগরনে ভিক্ষুদের ভূমিকা ছিল অগ্রগামী। সেই বিক্ষোভ দমনে সেনাবাহিনী মাঠে নামাতে হয়েছিল। সে সময় প্রায় তিন হাজার লোকের প্রাণহানি হয়।
এর দু'বছর পর নির্বাচনে পরাজয়ের পর সামরিক জান্তা ফলাফল অস্বীকার করলে ভিক্ষুরা এ ধরনের বয়কট আন্দোলন করেছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০১৯ঘ.
bdnews24