২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুগাবে থাকলে ইইউ-আফ্রিকা শীর্ষ সম্মেলন বয়কটের হুমকি ব্রাউনের

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, পর্তুগালে আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-আফ্রিকা শীর্ষ সম্মেলনে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে উপস্থিত থাকলে তিনি তাতে অংশ নেবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 09:11 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

লন্ডন, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, পর্তুগালে আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-আফ্রিকা শীর্ষ সম্মেলনে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে উপস্থিত থাকলে তিনি তাতে অংশ নেবেন না। 'দ্য ইন্ডিপেন্ডেন্ট' পত্রিকার বৃহস্পতিবারের সংস্করণের জন্য লেখা এক নিবন্ধে ব্রাউন বলেছেন, "আমি বিশ্বাস করি, যেসব গুরুত্বপূর্ণ ইসুর সমাধান করা প্রয়োজন সেদিক থেকে মনোযোগ সরিয়ে প্রেসিডেন্ট মুগাবে শীর্ষ সম্মেলনকে দুর্বল করবেন। আর ওই পরিস্থিতিতে আমার মনোযোগ ঠিক থাকবে না।" ব্রাউন তার নিবন্ধে মুগাবেকে তার নিজ দেশের জনগণকে নির্যাতনের অভিযোগেও অভিযুক্ত করেছেন। তিনি বলেন, সেখানকার বিরোধী রাজনীতিকদের ব্যাপক হারে নির্যাতন করা এবং ভয়-ভীতি দেখানো হচ্ছে। সমালোচকরা বলছেন, জিম্বাবুয়ের অর্থনীতিতে ধস নামার পেছনে মূল ভূমিকা পালন করেছেন মুগাবে। উল্লেখ্য, প্রায় ছয় হাজার ছয়শ' শতাংশ মুদ্রাস্ফীতি নিয়ে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতির দেশ জিম্বাবুয়ে। তাছাড়া, দেশটির বেকারত্বের হার এখন প্রায় ৮০ শতাংশ। এদিকে, জিম্বাবুয়ের অর্থনৈতিক সঙ্কটের জন্য মুগাবে পশ্চিমা শক্তিগুলোকে দোষারোপ করে আসছেন। একইসঙ্গে তিনি অভিযোগ করে আসছেন, তাকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদলগুলোর সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে পশ্চিমারা। মুগাবের ওপর ইউরোপীয় ইউনিয়নের ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, দীর্ঘ সাত বছরের মধ্যে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য প্রথম ইইউ-আফ্রিকা সম্মেলন উপলক্ষ্যে সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। তাছাড়া, আফ্রিকার অনেক নেতাও চান মহাদেশটির সমস্যা নিয়ে আলোচনা করার জন্য মুগাবে সম্মেলনে উপস্থিত থাকুন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫০৪ঘ.