২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেমাররুজ নেতা নুয়ান চিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

কম্বোডিয়ার খেমাররুজ শাসনামলে 'ব্রাদার নাম্বার টু' নামে পরিচিত পল পটের শীর্ষ সহযোগী নুয়ান চিয়া (৮২) কে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এনেছে জাতিসংঘের 'কিলিং ফিল্ডস' ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 03:16 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

পেইলিন, কম্বোডিয়া, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কম্বোডিয়ার খেমাররুজ শাসনামলে 'ব্রাদার নাম্বার টু' নামে পরিচিত পল পটের শীর্ষ সহযোগী নুয়ান চিয়া (৮২) কে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এনেছে জাতিসংঘের 'কিলিং ফিল্ডস' ট্রাইব্যুনাল। কম্বোডিয়া পুলিশ এবং জাতিসংঘের বিশেষ যৌথ আদালতের কর্মকর্তারা পল পট প্রশাসনের বর্তমানে বেঁচে থাকা সবচেয়ে প্রবীণ এ নেতাকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করে হেলিকপ্টারে করে নমপেনে নিয়ে যায়। আদালতের এক মুখপাত্র বলেন, কম্বোডিয়া ও আন্তর্জাতিক বিচারকদের সামনে চিয়ার অভিযোগের সংক্ষিপ্ত শুনানির পর তাকে আদালতের হেফাজতে রাখা হয়। নুয়ান চিয়ার ছেলে নুয়ান ছে রয়টার্সকে বলেন, "পুলিশ ও সেনাবাহিনীসহ বিশেষ সেনারা আজ সকালে আমার বাবার বাড়ি ঘিরে ফেলে।" তিনি আরও বলেন, কমপক্ষে তিনজন পশ্চিমা কর্মকর্তা তাকে তার বাড়িতে জিজ্ঞাসাবাদ করেন। নুয়ান ছে বলেন, "মনে হচ্ছিল বাবা উদ্বিগ্ন নন। তবে আমার মা তার জন্য উদ্বিগ্ন।" নুয়ান ছে জানান, কম্বোডিয়া-জাতিসংঘ খেমাররুজ যৌথ আদালতের একজন নিরাপত্তারক্ষীসহ প্রায় ১৫ জন পুলিশ কর্মকর্তা থাইল্যান্ড সীমান্তবর্তী পেইলিনের বনে অবস্থিত তার বাবার বাড়িটি অবরোধ করে রাখে। তদন্তকারী বিচারপতি ইউ বানলেং জানান, খেমাররুজ নেতা পল পটের সেকেন্ড ইন কমান্ড নুয়ান চিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। নুয়ান চিয়াকে কম্বোডিয়ার গণহত্যার জন্য সবচেয়ে বেশি দায়ি জীবিত খেমাররুজ কমান্ডার হিসাবে অভিহিত করা হচ্ছে। উল্লেখ্য, ১৯৭৫-৭৯ সাল পর্যন্ত কম্বোডিয়ায় পল পটের খেমাররুজ সরকারের শাসনামলে ওই গণহত্যাকে "কিলিং ফিল্ডস" নামে অভিহিত করা হয়ে থাকে। ওই গণহত্যায় প্রায় ১৭ লাখ লোক নিহত হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/এফএইচবি/১৩৫৫ ঘ.