ফ্রান্স সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের সঙ্গে যুদ্ধ এড়াতে সম্ভাব্য সবকিছু করা উচিত বলে সোমবার মন্তব্য করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলোঁ। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা ইরানের সঙ্গে যুদ্ধের জন্য দেশকে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করার পরপরই প্রধানমন্ত্রী ওই মন্তব্য করেন।
রোববার টেলিভিশন এবং বেতারে সাক্ষাৎকার দেওয়ার সময় কুচনা বলেন, "ফ্রান্সকে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। যদিও দেশটি আসন্ন কোনো বিপদের মুখে নেই।"
কুচনা'র এ কথার পরপরই ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় একটি শহর পরিদর্শনরত প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলোঁ সাংবাদিকদের বলেন, "যুদ্ধ এড়াতে যা কিছু প্রয়োজন তাই করতে হবে। যে পরিস্থিতি গোটা বিশ্বের জন্য ভয়ানক বিপজ্জনক হয়ে উঠতে পারে সে পরিস্থিতিকে শান্তিপূর্ণ সমাধানের দিকে নিয়ে যাওয়ার ভূমিকা নিতে হবে ফ্রান্সকে।"
তবে তিনি এও বলেন, পরিস্থিতি যে বিপজ্জনক এবং একে মোটেও হালকা করে দেখা উচিত নয়-- কুচনা'র একথাটি ঠিক।
ইরান বেসামরিক পরমাণূ কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা চালাচ্ছে বলে পশ্চিমা বিশ্ব অভিযোগ করে আসছে। কিন্তু ইরান এ অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, বিদ্যুৎ উৎপাদনের জন্যই পরমাণু প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৬ঘ.
bdnews24