২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে: ফ্রান্স

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা রোববার বলেছেন, তার দেশকে অবশ্যই ইরানের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এ ধরনের কোনো পদক্ষেপ আসন্ন বলে মনে করেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 08:08 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

প্যারিস, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনা রোববার বলেছেন, তার দেশকে অবশ্যই ইরানের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এ ধরনের কোনো পদক্ষেপ আসন্ন বলে মনে করেন না তিনি। আরটিএল বেতার এবং এলসিআই টেলিভিশনকে কুচনা বলেন, তেহরানের আণবিক বোমা অর্জনের বিষয়টিকে যে বিশ্বের বড় শক্তিগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে তা বোঝানোর জন্য ইরানের বিরুদ্ধে তাদের আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। একইসঙ্গে তিনি বলেন, ইরানের কোনো দরপত্রে প্রতিযোগিতা না করার জন্য ফরাসি প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে ফ্রান্স। এক সাক্ষাৎকারে কুচনা বলেন, "আমরা অবশ্যই সবচেয়ে খারাপ পন্থার জন্য প্রস্তুত থাকবো।" বিষয়টিকে ব্যাখ্যা করে তিনি আরও বলেন, "জনাব, সবচেয়ে খারাপ পন্থা হচ্ছে যুদ্ধ।" যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "বিভিন্ন সম্ভাব্য ঘটনার জন্য প্রস্তুত থাকাটা স্বাভাবিক।" প্রসঙ্গত, তেহরান জোর দিয়ে বলে আসছে, শুধুমাত্র জ্বালানি তৈরির জন্য তারা পরমাণু প্রযুক্তি পরিচালনা করতে চায়। অন্যদিকে, জাতিসংঘ বারবার দাবি জানিয়ে আসছে ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ অন্যান্য স্পর্শকাতর কর্মসূচি বন্ধ করতে। যেসব কর্মসূচির সাহায্যে একটা পর্যায়ে পরমাণু বোমা তৈরি করা সম্ভব। ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ সংক্রান্ত ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির করা মন্তব্যের পর এসব মন্তব্য করলেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী কুচনা। ফ্রান্সের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পর গত মাসে পররাষ্ট্রনীতি বিষয়ক এক ভাষণে সারকোজি বলেন, বিশ্ব শক্তিগুলোর কূটনৈতিক প্রচেষ্টাই ছিল "একটি ইরানি বোমা বা ইরানের বোমার" একমাত্র বিকল্প। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৫০ ঘ.