বেইজিং, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি)- মৃত্যুদণ্ডের হার কমানোর জন্য বিচারকদের নির্দেশ চীনের দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে বলা হয়েছে, অল্প কয়েকটি গুরুতর অপরাধের দায়ে কেবল মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে।
ধারণা করা হয়, চীনে যে পরিমাণ মৃত্যুদণ্ড দেওয়া করা হয়, বাদবাকি বিশ্বেও তত মৃত্যুদণ্ড দেওয়া হয় না। ট্যাক্স ফাঁকি ও অর্থ আত্মসাতের মতো অসহিংস অপরাধেও চীনে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
সুপ্রিম কোর্ট তাদের ওয়েব সাইটে বলেছে, "পারিবরিক কলহের জের ধরে হত্যার দায়েও সব ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয় ।"
সুপ্রিম কোর্ট বলেছে, আবেগতাড়িত অপরাধের ক্ষেত্রে জরিমানা করলেই চলে। একইভাবে অর্থনৈতিক বিভিন্ন অপরাধে অভিযুক্তরা যদি সমপরিমাণ অর্থ ফেরত দিতে চায় তাহলে তাদের লঘু সাজা দেওয়া যেতে পারে।
আন্তর্জতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত বছর বিশ্বের মোট মৃত্যুদণ্ডের দুই-তৃতীয়াংশ কার্যকর হয়েছে চীনে। আর চীন সরকার আশা করেছে গত দশ বছরের মধ্যে চলতি বছর সবচেয়ে কম মৃত্যুদণ্ড দেওয়া হবে।
মত্যুদণ্ডের সরকারি হিসাব চীন কখনো জানায় না। পর্যালোচকরা দাবি করেন, দেশটিতে অনেক ক্ষেত্রে শুধু স্বীকারোক্তির ওপর ভিত্তি করে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। এক্ষেত্রে কোনো কোনো মামলার বিচার এক দিনেই শেষ হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, ২০০৫ সালে চীনে চার হাজারের কাছকাছি মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর মধ্যে প্রায় এক হাজার ৭৭০ জনের রায় কার্যকর করা হয়।
বিডিনিইজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২২১০ঘ.
bdnews24