নিউইয়র্ক, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাক থেকে কিছু সেনা কমানোর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অঙ্গীকারে রিপাবলিকানদের সংশয় দূর হলে হতেও পারে। কিন্তু তার কৌশল আসলে তেমন পরিবর্তন হয়নি এবং তিনি ইরাক যুদ্ধ শেষের ভার পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের ওপরই ছেড়ে দিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকাগুলো তাদের সম্পাদকীয়তে শুক্রবার এ মন্তব্য করেছে।
বুশ শুক্রবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, "জুলাই নাগাদ ইরাকে মার্কিন সেনা সংখ্যা ২০ হাজার কমাবেন। ইরাকে মাঠ পর্যায়ে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।" বিশেষ করে ইরাকের অস্থিতিশীল আনবার প্রদেশ এবং বাগদাদ থেকে সেনা কমানোর কথা বলেছেন বুশ।
'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা তাদের সম্পাদকীয়তে লিখেছে, "বুশের কথায় উল্লেখযোগ্য কিছু ত্র"টি আছে। জানুয়ারীতে ইরাকে সেনা বাড়িয়ে যে মানের অগ্রগতি বুশ পেতে চেয়েছিলেন তাতে তিনি সফল হননি।" এদিক থেকে ব্যর্থতার পাশাপাশি ইরাকে সুন্নি আরব, শিয়া এবং কর্দিদের মধ্যে সংহতি স্থাপনের প্রচেষ্টায়ও বুশ ব্যর্থ হয়েছেন বলে উল্লেখ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট।
দ্য নিউইয়র্ক টাইমসও তাদের সম্পাদকীয়তে, 'না পরিত্রাণ, না কৌশল' শিরোনামে ইরাকে ব্যর্থতার কথা স্বীকার না করার জন্য বুশকে ভর্ৎসনা করেছে।
নিউইয়র্ক টাইমস লেখে, "কোনো ধোঁয়া দিয়েই সত্যকে ঢাকা যাবে না। ইরাকে বিপর্যয়কর যুদ্ধ শেষ করার কোনো কৌশল বুশের নেই। ইরাকে বিশৃঙ্খলার ইতি টানারও কোনো পরিকল্পনা তার নেই। এতেই মনে হচ্ছে ইরাক যুদ্ধ শেষের ভার পড়বে পরবর্তী প্রেসিডেন্টের ওপর।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৭ঘ.
bdnews24