বেইজিং, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের নগরবাসীদের কাছে প্যরিসের মদ, হাতব্যাগ বা ফরাসি ডিজাইনারদের লোগো মার্কা পোশাক স্ট্যাটাসের প্রতীক। হোকনা সেটা আসল অথবা ভেজাল। আর মধুচন্দ্রিমা কাটানোর জন্য নবদম্পতিদের কাছে প্যারিস এখনও স্বপ্নের গন্তব্যস্থল। কিন্তু ফ্রান্স না গিয়েও চীনারা এবার দেশেই প্যারিসের আমেজ পাবেন। দেখতে পাবেন আইফেল টাওয়ার।
সাংহাইয়ের উপকন্ঠে তিয়াংডুচেং এ নির্মিত হয়েছে এই আইফেল টাওয়ার। একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠান তাদের প্রকল্পের মধ্যে এটি বানিয়েছে। উচ্চতা প্রকৃত টাওয়ারের সমান না হলেও কম নয়। এই আইফেল টাওয়ার ১০৮ মিটার (৩৫৪ ফুট) উঁচু। আর প্যারিসের আইফেল টাওয়ারের উচ্চতা ১৬৫ মিটার।
চীনের নতুন পয়সাওয়াল ধনীদের আকৃষ্ট করতে আবাসন নির্মাণকারী সেজুয়ান গুয়াংশা কোম্পানি তাদের এই প্রকল্পে বাড়িগুলোও বানিয়েছে ইউরোপীয় ধাঁচে। সারিসারি দাঁড়িয়ে থাকা বাড়িগুলোর মধ্য দিয়ে হাটার সময় মনে হবে প্যারিসে আছি।
তাছাড়া, আইফেল টাওয়ারের নিচে ও আশপাশে পার্কটিও সাজানো হয়েছে প্রকৃত আইফেল টাওয়ারের পরিবেশ অনুকরণ করে। সেখানকার পার্কা বা ঝর্ণার পাড়ে বসে যে কেউ প্যারিসের স্বাদ নিতে পারবেন বলে আশা করছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নির্মিত হাউজিং কমিউনিটিতে এক লাখ মানুষ আরামে বসবাস করতে পারবে। পাঁচ বছরের নির্মাণ কাজের পর গত জুনে এখানে লোকজনের বসবাস শুরু হয়েছে। এখন এই প্রকল্পে বাস করছে দু'হাজার মানুষ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০১০ঘ.
bdnews24