২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দেহভাজনদের 'হস্তান্তর ও জিজ্ঞাসাবাদ' নীতির সাফাই সিআইএ প্রধানের

সন্দেহভাজন সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ ও অন্য দেশে হস্তান্তর সংক্রান্ত যুক্তরাষ্ট্রের নীতির প্রতি আবারও সমর্থন ব্যক্ত করেছেন দেশটির সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি'র (সিআইএ) প্রধান মাইকেল হেডেন। শুক্রবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে একইসঙ্গে যুক্তরাষ্ট্রে আল কায়েদার আরেকটি বড় ধরনের সন্ত্রাসী হামলা সম্পর্কেও সবাইকে সতর্ক করে দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 10:12 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

নিউইয়র্ক, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সন্দেহভাজন সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ ও অন্য দেশে হস্তান্তর সংক্রান্ত যুক্তরাষ্ট্রের নীতির প্রতি আবারও সমর্থন ব্যক্ত করেছেন দেশটির সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি'র (সিআইএ) প্রধান মাইকেল হেডেন। শুক্রবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে একইসঙ্গে যুক্তরাষ্ট্রে আল কায়েদার আরেকটি বড় ধরনের সন্ত্রাসী হামলা সম্পর্কেও সবাইকে সতর্ক করে দেন তিনি। যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার ষষ্ঠ বর্ষপূর্তির চার দিন আগে ওই অনুষ্ঠানে সিআইএ পরিচালক মাইকেল হেডেন বলেন, আল কায়েদা পুনরায় শক্তি সঞ্চার করেছে এবং যুক্তরাষ্ট্রে একটি "বড় ধরনের প্রভাব বিস্তারকারী" হামলা চালানোর ষড়যন্ত্র করছে এর নেতৃত্ব। গত জুলাই মাসে প্রকাশিত একটি গোয়েন্দা প্রতিবেদনের সারাংশের বরাত দিয়ে হেডেন বলেন, "আল কায়েদা এমন সব স্থানকে টার্গেট করছে যেখানে হামলা চালালে ব্যাপক প্রাণহানী, আকস্মিক ধ্বংসযজ্ঞ এবং তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক বিপর্যয়ের সৃষ্টি হবে।" শুক্রবার আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ভিডিও টেপটি প্রকাশিত হওয়ার আগে এসব কথা বলেন সিআইএ প্রধান। সিআইএর গোপন কারাগার ও অন্যান্য স্থানে আটক সন্দেহভাজন সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদের কৌশল নিয়ে সমালোচনার মুখে আছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। যদিও তিনি জোর দিয়ে বলে আসছেন যে, জিজ্ঞাসাবাদে নির্যাতন করে না যুক্তরাষ্ট্র। সমালোচকদের অভিযোগ, একটি গোপন "হস্তান্তর" কর্মসূচির আওতায় সিআইএ বন্দিদের সঙ্গে অসদাচারণ এবং গোপন ফ্লাইট পরিচালনা করেছে। ওই কর্মসূচিতে সন্দেহভাজন সন্ত্রাসীদের সিরিয়া ও মিশরের মতো দেশে হস্তান্তর করা হয়। সমালোচকরদের বক্তব্য হচ্ছে, ওইসব দেশে নির্যতনের শিকার হতে পারেন সন্দেহভাজনরা। নিউইয়র্কে অবস্থিত 'কাউন্সিল অন ফরেন রিলেশন্স' কার্যালয়ের ওই অনুষ্ঠানে সিআইএ প্রধান হেডেন বলেন, কর্মসূচিগুলো "সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রিত এবং আইনসম্মতভাবে সম্পাদিত" হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক, আইনজীবী ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হেডেন আরও বলেন, ২০০২ সালের বসন্তে শুরু হওয়ার পর সিআইএ'র স্থাপনাগুলোতে একশ'রও কম লোককে আটক রাখা হয়েছে এবং হস্তান্তর করার সংখ্যা অনেক কম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৫৫০ ঘ.