২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ভারতের সঙ্গে নৌ-সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র

বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তির পর এবার ভারতের সঙ্গে নৌ-সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র। সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র ভারতের নৌ-বাহিনীর সঙ্গে জোট গড়ার আশা প্রকাশ করেছে। ১ হাজার যুদ্ধজাহাজ নিয়ে আন্তর্জাতিক জোট গড়তে ভারতকেই পাশে চায় মার্কিন প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 04:10 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

এব্রড ইউএসএস কিটি হক, বে অব বেঙ্গল, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তির পর এবার ভারতের সঙ্গে নৌ-সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র। সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র ভারতের নৌ-বাহিনীর সঙ্গে জোট গড়ার আশা প্রকাশ করেছে। ১ হাজার যুদ্ধজাহাজ নিয়ে আন্তর্জাতিক জোট গড়তে ভারতকেই পাশে চায় মার্কিন প্রশাসন। কিন্তু দু'দেশের এই নৌ-সহযোগিতার লক্ষ্য চীন নয়। এমনকি ভারত মহাসাগরে মার্কিন ঘাঁটি স্থাপনের অভিপ্রায়ও এটি নয়। যুক্তরাষ্ট্রের শীর্ষ নৌ-কমান্ডার ভাইস এডমিরাল ডগ ক্রোডার শুক্রবার একথা বলেছেন। বঙ্গোপসাগরে ভারতসহ ৫টি দেশের নৌমহড়া চলাকালে মার্কিন সপ্তম নৌবহরের কমান্ডার ক্রোডার এই মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীনেই চলছে ৫ দেশের এই যৌথ মহড়া। বঙ্গোপসাগরে এ যাবৎকালের মধ্যে এটিই সবচে বড় নৌ-মহড়া। মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ কিটি হক থেকে সাংবাদিকদের ক্রোডার বলেন, "বিশ্বের সমুদ্রপথ উন্মুক্ত এবং অবাধ রাখার অভিন্ন স্বার্থ আমাদের সবারই আছে। কিন্তু একাজ করার জন্য যুক্তরাষ্ট্রের নৌবাহিনী স্বয়ংসম্পূর্ণ নয়। সব দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় আমাদেরকে একটি অভিন্ন প্রেক্ষপট তৈরি করেই কাজ করতে হবে।" উল্লেখ্য, বঙ্গোপসাগরে ভারতসহ ৫ দেশের যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে মঙ্গলবার। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এ মহড়ায় ভারত ছাড়াও অংশ নিচ্ছে জাপান, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর। ওয়াশিংটন-নয়াদিল্লি বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে বিরোধিতা করে আসা ভারতের বামপন্থীরা এ মহড়ার বিপক্ষে। মহড়ার সাংকেতিক নাম 'মালাবার এক্সারসাইজ'। বিশ্লেষকরা এই যৌথ মহড়াকে চীনের সামরিক শক্তির বিরুদ্ধে একটি নতুন জোট বলেই মনে করছেন। "মহড়ার উদ্দেশ্য একে অপরের সামরিক শক্তি সম্পর্কে জানা এবং এ থেকে উপকৃত হওয়া।" নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা একথা বলেছেন। তিনি বলেন, "প্রতিটি দেশের সঙ্গে আলাদা আলাদাভাবে মহড়া না করে একসঙ্গে এই মহড়া আয়োজনের মধ্য দিয়ে আমরা খরচ এবং সময় বাঁচাচ্ছি।" কর্মকর্তা আরও বলেন, এই মহড়ায় চীন যদি কোনো বার্তা পায় তো পাক।" তবে এই ৫ দেশের কর্মকর্তারা অবশ্য আগেই চীনকে বলে দিয়েছেন যে, এই মহড়া লক্ষ্য চীন নয়। কিন্তু এই মহড়া থেকে চীনকে ঘিরে কোনো নতুন নিরাপত্তা জোট গড়ে ওঠে কিনা তা নিয়ে উদ্বিগ্ন বেইজিং। কিন্তু ক্রোডার বলছেন, "এই মহড়া কারও বিরুদ্ধেই কোনো সংকেত নয়।" আন্দামান দ্বীপপুঞ্জ থেকে ১০০ নটিক্যাল মাইল পশ্চিমে এবং বঙ্গোপসাগরে ভারতের পূর্ব উপকূলের ৫০০ মাইল পশ্চিমে ৬ দিনব্যাপী এ মহড়া চলবে। ৫ টি দেশের ২৪ টি যুদ্ধ জাহাজ এ মহড়ায় অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ১৩ টি যুদ্ধজাহাজ নিয়ে মহড়ায় অংশ নিচ্ছে। সিঙ্গাপুর নৌবাহিনীর একটি ক্ষেপণাস্ত্রবাহী রণতরী এবং ৮ টি ভারতীয় যুদ্ধজাহাজ, অস্ট্রেরিয়া ও জাপানের একটি করে যুদ্ধ জাহাজ মহড়ায় অংশ নিচ্ছে। মহড়ার অংশ হিসাবে চলছে বিমান মহড়াও। ২০০রও বেশি বিমান সমুদ্র ও ভূমি থেকে উড়বে। ৪ টি দেশের সঙ্গে ভারতের এই মহড়ায় ক্ষুব্ধ পশ্চিবঙ্গের বামফ্রন্ট। তারা এর প্রতিবাদে ইতোমধ্যেই বিক্ষোভের ডাক দিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি এবং বঙ্গোপসাগরে যৌথ মহড়া-- দুটি ঘটনাকেই যুক্তরাষ্ট্রের কৌশল বলে মনে করছেন। তারা একে ভারতের বৈদেশিক ও নিরাপত্তা নীতির ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের কৌশল বলেই মনে করছেন। পারস্য উপসাগরে উত্তজনার কারণে এ মহড়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে নতুন ঘাঁটি গাড়তে চাইছে কিনা জিজ্ঞে করা হলে ক্রোডার বলেন, "আমরা কোনো নির্দিষ্ট জায়গায় অবস্থান করার চেষ্টা করছি না। বরং যেখানেই দরকার হবে সেখানেই নৌ-বহর নিয়ে হাজির হওয়ার ব্যবস্থাটাই আমরা রাখতে চাইছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৪ঘ.